বিশ্বকাপে তাপদাহের কারণে মাঠের লড়াইয়ে চ্যালেঞ্জের মুখে ফুটবলাররা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১২:২১ পিএম
২০২৬ ফিফা বিশ্বকাপের প্রায় এক-চতুর্থাংশ ম্যাচ অতিরিক্ত গরম আবহাওয়ায় অনুষ্ঠিত হতে পারে, যা খেলোয়াড়দের পারফরম্যান্স এবং দর্শকদের ওপর প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করছেন জলবায়ু বিশেষজ্ঞরা। বিশেষ করে ইউরোপের তুলনামূলক শীতল আবহাওয়ায় অভ্যস্ত খেলোয়াড়দের জন্য যুক্তরাষ্ট্রের গ্রীষ্মকালীন তাপদাহ বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে জানায় তারা। খবর আল-জাজিরার।
আল জাজিরার আবহাওয়াবিদ এভারটন ফক্স জানায়, ১৯৩০ সালে বিশ্বকাপ শুরু হওয়ার পর বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে এবারের বিশ্বকাপ এখন পর্যন্ত সবচেয়ে গরম টুর্নামেন্ট হতে পারে। এছাড়া ডালাস, হিউস্টন, মায়ামি এবং মেক্সিকোর ভেন্যুগুলোর মতো প্রায় ছয়টি ভেন্যুতে তীব্র গরম দেখা যেতে পারে বলেও জানান তিনি।
বিশেষজ্ঞদের মতে, ১০৪টি ম্যাচের মধ্যে প্রায় ২৬টি ম্যাচে ওয়েট বাল্ব গ্লোব টেম্পারেচার সূচক ২৬°সে বা তার বেশি হতে পারে। এর মধ্যে পাঁচটি ম্যাচে এটি ২৮°সে বা তারও বেশি হতে পারে।
যদিও এই ২৬টি ম্যাচের মধ্যে ১৭টি স্টেডিয়ামে কুলিং ব্যবস্থা থাকবে। তবে ভেন্যুগুলোর প্রায় এক-তৃতীয়াংশে এই আধুনিক সুবিধা নেই, যা উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতার কারণে খেলোয়াড়দের শরীর দ্রুত ঠান্ডা হতে পারে না, ফলে পানিশূন্যতা, পেশিতে টান ধরা এবং দ্রুত ক্লান্তি দেখা দিতে পারে।
ফিজিক্যাল পারফরম্যান্স কোচ রাইয়ান আব্বাসি জানান, অতিরিক্ত ঘামের কারণে ডিহাইড্রেশন, ক্র্যাম্প এবং ক্লান্তি বেড়ে যেতে পারে। তবে খেলোয়াড়রা সাধারণত বিভিন্ন আবহাওয়ায় খেলার অভিজ্ঞতা রাখে, তাই তারা এই পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম।
তিনি আরও বলেন, গরম দেশে যারা প্রশিক্ষণ নেয়, তারা তুলনামূলকভাবে দ্রুত মানিয়ে নিতে পারে। গরমে প্রশিক্ষণ শরীরকে শক্তিশালী অভিযোজন তৈরি করতে সাহায্য করে, যা ঠান্ডা আবহাওয়ায় পারফরম্যান্স উন্নত করতে পারে।
এদিকে, পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যেই বেশ কিছু জরুরি পদক্ষেপ হাতে নিয়েছে ফিফা। প্রতি অর্ধে ৩ মিনিটের হাইড্রেশন বিরতি, ভেন্যুগুলোতে কুলিং অবকাঠামো তৈরি এবং খেলোয়াড়দের জন্য উন্নত চিকিৎসা সেবার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া দুপুরের তীব্র গরম এড়াতে বেশ কয়েকটি ম্যাচের কিক-অফ সময়ও পরিবর্তন করা হয়েছে যাতে সবচেয়ে গরম দুপুরের সময় এড়িয়ে খেলা শুরু করা যায়।
/এএন