×
Logo

খেলাধুলা

বিশ্বকাপের আগে ৯ খেলোয়াড় ইনজুরিতে, অস্বস্তিতে আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:৪২ এএম

বিশ্বকাপের আগে ৯ খেলোয়াড় ইনজুরিতে, অস্বস্তিতে আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ মিশন শুরুর আগে ইনজুরির কারণে কিছুটা অস্বস্তি বিরাজ করছে আর্জেন্টিনা শিবিরে। ছোট, বড় মিলে দলের ৯ ফুটবলারের আছে চোট সমস্যা, এমনটাই জানিয়েছে আর্জেন্টিনার সবচেয়ে বড় স্পোর্টস পোর্টাল টিওয়াইসি। মেসি, মার্টিনেস, মলিনা, পারেদেস, আলভারেসের চোট প্রায় সেরে গেছে। তবে রাইট ব্যাক গঞ্জালো মন্তিয়েলের মাসেল ইনজুরি বেশ গুরুতর।

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা এখন যুক্তরাষ্ট্রের ক্যানসাসে অবস্থান করছে। নিয়মিতই স্কোয়াড নিয়ে অনুশীলন সারছেন হেড কোচ লিওনেল স্কালোনি। তবে আর্জেন্টিনা শিবিরে একটা চাপা অস্বস্তি কাজ করছে। আর সেটা হলো ইনজুরি সমস্যা। মেসি থেকে মার্টিনেস, স্কোয়াডের ৯ ফুটবলার আছেন ইনজুরি সমস্যায়। যা কিছুটা দুশ্চিন্তায় ফেলেছে স্কালোনিকে, বলছে আর্জেন্টিনার সবচেয়ে বড় স্পোর্টস পোর্টাল টিওয়াইসি।

গত সপ্তাহে ইন্টার মায়ামির হয়ে ম্যাচ খেলতে গিয়ে ক্লান্তিজনিত সমস্যা নিয়ে মাঠ ছাড়েন মেসি। কিন্তু চোট ততটাও হালকা ছিলো না। এখনও শতভাগ ইন্টেনসিটিতে অনুশীলন না করা মেসি মিস করেছেন হন্ডুরাস ম্যাচ। তবে বিশ্বকাপে প্রথম ম্যাচের আগেই শতভাগ ফিট হবে মেসি, বলছেন সংশ্লিষ্টরা।

আর মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসও ইনজুরিতে। কোপা লিবার্তাদোরেস থেকে বোকা জুনিয়র্সের বিদায়ের পর জানা যায় ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন এই মিডফিল্ডার। তবে দলের চিকিৎসকরা বলছেন প্রায় সেরে উঠেছেন পারেদেস।

এমিলিয়ানো মার্টিনেস হন্ডুরাসের পর মিস করবেন আইসল্যান্ডের বিপক্ষে বুধবারের ম্যাচ। দিবুর বাম হাতের একটি আঙুলের ছোট ফাটল এখনও সেরে ওঠেনি পুরোপুরি। অনুশীলনে ফিটনেস ও বল নিয়ে কাজ করলেও এখনও গ্লাভস হাতে ট্রেনিং করছেন না দিবু।

অন্যদিকে, রাইট ব্যাক গঞ্জালো মন্তিয়েল আরেকটি চিন্তার নাম। মাত্র ১৫ দিন আগে রিভার প্লেটের জার্সি গায়ে তিনি গ্রেড ২-এর পেশির চোটে পড়েন মন্তিয়েল। এই ডিফেন্ডারের চোট নিয়ে শঙ্কা থাকায় তার বিকল্প হিসেবে অগাস্টিন জিয়াই আর নিকোলাস কাপালদোকে ক্যানসাসে ইতিমধ্যেই নিয়ে এসেছেন স্কালোনি।

আবার অ্যাটলেটিকো মাদ্রিদে খেলা আরেক রাইট ব্যাক নাহুয়েল মলিনাও ইনজুরি সমস্যায় আছে। তবে চিকিৎসকরা বলছেন বিশ্বকাপের প্রথম নয়তো দ্বিতীয় ম্যাচ থেকে মলিনাকে পাওয়া যাবে নিশ্চিত।

সেন্টার ব্যাক ক্রিস্টিয়ান রোমেরোর অবস্থাও মলিনার মতো। টটেনহ্যামে খেলা এই ডিফেন্ডারের ডান হাঁটুর ল্যাটারাল লিগামেন্টে চোট থাকলেও এখন সুস্থ রোমেরো।

দলের তরুণ রাইট উইঙ্গার নিকো পাজ, স্ট্রাইকার হুলিয়ান আলভারেস ও মিডফিল্ডার থিয়াগো আলমাদার হালকা চোট আছে। কিন্তু তিনজনই প্রায় শতভাগ ফিট হবার খুব কাছাকাছি বলছে সংশ্লিষ্টরা।

/এসআইএন

Logo