×
Logo

খেলাধুলা

ভোটের পরদিনই বিসিবি পরিচালকের পদত্যাগ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৬:৫৯ পিএম

ভোটের পরদিনই বিসিবি পরিচালকের পদত্যাগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে রাজশাহী অঞ্চল থেকে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত মীর শাকরুল আলম সীমান্ত পদত্যাগ করেছেন। সোমবার (৮ জুন) তিনি পদত্যাগ করেছেন।

পদত্যাগপত্রে মীর শাকরুল আলম সীমান্ত বলেন, বিসিবি নির্বাচনে রাজশাহী অঞ্চল থেকে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন। তবে তার পিতা সরকারের প্রতিমন্ত্রী হওয়ায় বর্তমানে পারিবারিক ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব তার ওপর ন্যস্ত রয়েছে। এ কারণে বিসিবির মতো গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানে পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হবে না। দায়িত্বশীলতার জায়গা থেকে এবং প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনায় তিনি পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তার পদত্যাগপত্র গ্রহণের জন্য বিসিবি সভাপতির প্রতি অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পুত্র মীর শাকরুল আলম সীমান্ত। রাজশাহী অঞ্চল থেকে একক প্রার্থী হওয়ায় মীর শাকরুল আলম সীমান্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক নির্বাচিত হন।

তবে বিসিবি নির্বাচনের আগেই তিনি পরিচালক পদে দায়িত্ব পালন না করার ইচ্ছার কথা জানিয়েছিলেন। গতকাল রোববার বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার একদিনের মাথায় তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিলেন।

/এমএন

Logo