বিশ্বকাপে ইরানের ম্যাচ খেলার পর ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়ার কঠোর শর্ত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৩:১৫ পিএম
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ইরান জাতীয় ফুটবল দলকে কঠোর ভ্রমণ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। দেশটির কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলতে ইরান দলকে একই দিনে যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং দেশ ত্যাগ করতে হবে।
সোমবার (৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর।
মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবুল ফজল পাসানদিদেহ সাংবাদিকদের বলেন, আগের ভিসার নিয়ম অনুযায়ী, প্রথম ম্যাচের এক দিন আগে এবং অন্য ম্যাচগুলোর দুই দিন আগে ইরানের যুক্তরাষ্ট্রে প্রবেশ করার কথা ছিল। কিন্তু পরে ভিসা দেওয়া হয়েছে কেবল এক দিনের জন্য।
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা ও ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সূচি অনুযায়ী, ইরান প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। এরপর ক্যালিফোর্নিয়ায় বেলজিয়ামের বিপক্ষে খেলবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিয়াটলে তাদের প্রতিপক্ষ মিশর। নকআউট পর্বে উত্তীর্ণ হলে আরও ম্যাচ খেলতে হতে পারে দলটিকে।
নিরাপত্তা ও কূটনৈতিক জটিলতার কারণে ইরান বর্তমানে মেক্সিকোকে তাদের বেস ক্যাম্প হিসেবে বেছে নিয়েছে। যদিও শুরুতে দলটির অ্যারিজোনার টুকসনে অবস্থান করার পরিকল্পনা ছিল।
এ বিষয়ে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম বলেন, ইরানকে মেক্সিকোতে অবস্থানের সুযোগ না দেওয়ার কোনো কারণ আমাদের নেই।
এর আগে, ইরান তাদের বিশ্বকাপ ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার অনুরোধ করলেও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সেই প্রস্তাব গ্রহণ করেনি।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরান দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, 'ইরান জাতীয় দল বিশ্বকাপে অংশ নিতে পারে। তবে তাদের নিজেদের নিরাপত্তার স্বার্থে সেখানে থাকা কতটা উপযুক্ত, সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে।'
এদিকে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের খেলোয়াড় ও কিছু কর্মকর্তার জন্য প্রয়োজনীয় ভিসা অনুমোদন করেছে। তবে ইরানি গণমাধ্যমের দাবি, দলের কয়েকজন সহায়ক কর্মকর্তা এখনো ভিসা পাননি। তাদের মধ্যে রয়েছেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা বলেন, বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ইরানের খেলোয়াড় ও প্রয়োজনীয় সহায়ক কর্মীদের ভিসা ইস্যু করা হয়েছে। এই ব্যবস্থার অপব্যবহার করে কেউ যেন ভুয়া পরিচয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে, সে বিষয়টি আমরা নিশ্চিত করব।
/এওয়াইএ/এআই