ফাইল ছবি
রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে মৃদু ও মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টার দিকে এই ভূকম্পন অনুভূত হয়।
আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা গণমাধ্যমকে জানিয়েছেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ ভুটানে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬।
এদিকে আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভুটানের রাজধানী থিম্পু থেকে মাত্র ২৮ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠের গভীরতা কম থাকায় এর কম্পন দূরবর্তী অঞ্চলগুলোতেও ছড়িয়ে পড়ে।
রাজধানী ঢাকার বিভিন্ন বহুতল ভবন ও আবাসিক এলাকার মানুষ আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে দ্রুত রাস্তায় ও খোলা জায়গায় নেমে আসেন। তবে প্রাথমিকভাবে এই ভূমিকম্পে দেশের কোথাও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
/এএ