বিশ্বকাপ প্রস্তুতি
জার্মানি-পর্তুগাল-ইংল্যান্ডের জয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৯:৩৪ এএম
বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে মাঠে গড়িয়েছে একাধিক ম্যাচ। এতে চিলির বিপক্ষে জয় তুলে নিয়েছে পর্তুগাল। অপরদিকে, স্বাগতিক যুক্তরাষ্ট্রকে হারিয়েছে চার বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। জিতেছে ইংল্যান্ডও।
শনিবার (৬ জুন) দিবাগত রাতে অনুষ্ঠিত হয় ম্যাচগুলো।
এদিন ঘরের মাঠে চিলির বিপক্ষে ২-১ গোলে জিতেছে পর্তুগাল। ম্যাচের ৩৬তম মিনিটে অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল। গোলশূন্য প্রথমার্ধের বিরতির আগে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন পর্তুগালের রাফায়েল লেয়াও, চিলির আইভান রোমান।
বিরতির পর রোনালদোর বদলি গন্সালো গেদেসের নৈপুণ্যে ৫৮তম মিনিটে এগিয়ে যায় পর্তুগাল। ৭৫তম মিনিটে ব্যবধান বাড়ান ব্রুনো ফের্নান্দেস। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান কমান লুকাস কেপেদা।
আরেক ম্যাচে, দুই অর্ধে দুই গোল করে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ গোলে জিতেছে জার্মানি। শিকাগোয় ম্যাচের দ্বিতীয় মিনিটেই জার্মানিকে এগিয়ে নেন কাই হাভার্টজ। জসুয়া কিমিখের ফ্রি-কিকে হেডে গোল করেন আর্সেনাল ফরোয়ার্ড। ৩৭তম মিনিটে দর্শনীয় এক গোলে সমতা ফেরান অ্যান্টনি রবিনসন। ৫৭তম মিনিটে আবার এগিয়ে যায় জার্মানি। হাভার্টজের পাসে বাঁ পায়ের শটে গোল করেন লেরয় সানে।এটিই গড়ে দেয় ব্যবধান।
অপরদিকে, ফ্লোরিডায় নিউজিল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জিতেছে ইংল্যান্ড। দুই অর্ধে ভিন্ন দুটি একাদশ নিয়ে খেলে ইংলিশরা। ম্যাচে প্রায় ৭২ শতাংশ বল দখলে রেখে ২৩টি শট নিলেও, অন টার্গেটে রাখতে পারে মাত্র ৪টি। প্রথমার্ধের যোগ করা সময়ে একমাত্র গোলটি করেন কেইন। সতীর্থের ক্রসে হেডে গোল করেন বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার। ইংল্যান্ডের রেকর্ড গোলস্কোরার কেইন ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এই মৌসুমে ৫৭ ম্যাচে করলেন ৬৭ গোল।
/এমএইচআর