কার্লের স্বপ্নভঙ্গ, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মান বিস্ময়-বালক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৩:০৪ পিএম
জার্মানির ১৮ বছর বয়সী মিডফিল্ডার লেনার্ট কার্ল বিশ্বকাপ শুরুর আগেই দল থেকে ছিটকে গেছেন। শুক্রবার (৫ জুন) অনুশীলনের সময় পেশিতে গুরুতর চোট পাওয়ায় এবারের বিশ্বকাপে আর খেলা হচ্ছে না বায়ার্ন মিউনিখের এই তরুণ প্রতিভার।
জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) জানিয়েছে, কার্লের পেশি ছিঁড়ে গেছে। তার পরিবর্তে বিশ্বকাপ দলে ডাকা হয়েছে আরবি লাইপজিগের ২০ বছর বয়সী মিডফিল্ডার আসান ওয়েদ্রাওগোকে।
বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় গুরুতর চোট বা অসুস্থতায় আক্রান্ত হলে দলের প্রথম ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগ পর্যন্ত তার বদলি নেওয়া যায়। জার্মানির প্রথম ম্যাচ ১৪ জুন, বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওয়ের বিপক্ষে।
শিকাগোয় যুক্তরাষ্ট্রের বিপক্ষে শনিবার প্রস্তুতি ম্যাচের আগে শেষ অনুশীলনেই চোট পান কার্ল। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জার্মান কোচ জুলিয়ান নাগেলসমান বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আজ অনুশীলনে লেনি চোট পেয়েছে। এখন আমাদের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। সত্যি বলতে, পরিস্থিতি খুব একটা ভালো মনে হয়নি।
কার্লকে এবারের বিশ্বকাপের অন্যতম সম্ভাবনাময় তরুণ ফুটবলার হিসেবে দেখা হচ্ছিল। বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে তিনি ক্লাবটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী চ্যাম্পিয়ন্স লিগ গোলদাতা হওয়ার কীর্তি গড়েন।
/এমএইচআর