'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১১:৩৮ এএম
ব্রাজিলের হলুদ জার্সিতে আজকের সময়ে যে গৌরবান্বিত পাঁচটি তারকা দেখা যায়, প্রতিটি তারকা অর্জনের পিছনেই আছে অজস্র গল্প। তবে, শুরুর দিকে ব্রাজিলের জার্সি কিন্তু হলুদ-সবুজ ছিল না। ১৯১৪ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ঘটার সময়ে ব্রাজিলের জার্সির রঙ ছিল সাদা, সেখানে কলার ও হাতার শেষপ্রান্ত ছিল নীল। এই জার্সি পরে ১৯১৯ সালে ঘরের মাঠে কোপা আমেরিকার শিরোপা জিতে নেয় ব্রাজিল, যেটি ছিল ব্রাজিলের ফুটবল ইতিহাসের প্রথম শিরোপা।
শুরুর সেই সাদা জার্সি বদলে আজকের এই হলুদ জার্সিতে কেন রূপান্তরিত হলো ব্রাজিল দল? এই গল্পটা বেশ মজার।
যারা ব্রাজিলের একনিষ্ঠ ভক্ত তাদের কাছে 'ক্যানারিনহো' শব্দটা পরিচিত হবার কথা। হলুদ জার্সি, নীল প্যান্ট আর সাদা মোজা। সাথে ঝড়িয়ে ঝিটিয়ে থাকবে সবুজের আভা। সেলেসাওদের আইকনিক জার্সিকেই ক্যানারিনহো বলে ডাকে ব্রাজিলিয়ানরা। ক্যানারিনহো মূলত ব্রাজিলের একটি হলুদ রঙের পাখি।
বিশ্বকাপের শুরুর আসর গুলোতে সাদা জার্সি পরে খেলতো ব্রাজিল। তবে গল্পটা বদলে যায় ১৯৫০ বিশ্বকাপ ফাইনালের পর। মারাকানার ফাইনালে উরুগুয়ের মুখোমুখি হয় সেলেসাওরা। কিন্তু ফাইনালে ২-১ গোলে জয় তুলে শিরোপা জেতে উরুগুয়ে। এই হারকে 'মারাকানাজো' বলা হয়। ব্রাজিলের ইতিহাসে একটা জাতীয় ট্র্যাজেডি হিসেবে বিবেচিত এটি।
এই হারের পর দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়। ব্রাজিলের মানুষ মনে করতে শুরু করে যে তাদের সাদা জার্সিটি 'অপয়া' বা অভিশপ্ত। কারণ এতে দেশের জাতীয়তাবাদের কোনো প্রতিফলন নেই। ফলে ব্রাজিল ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত নেয় যে তারা আর এই সাদা জার্সি ব্যবহার করবে না।
পরের বিশ্বকাপের আগে অভিনব এক উদ্যোগ নেয় 'কোরেইও দা মানহা' নামের একটি পত্রিকা। ১৯৫৩ সালে ব্রাজিলে একটা জাতীয় প্রতিযোগিতার আয়োজন করা হয় নতুন জার্সি ডিজাইনের জন্য। নিয়ম ছিল ব্রাজিলের পতাকার চারটা রং হলুদ, সবুজ, নীল, সাদা এর ব্যবহার করতে হবে।
প্রায় ৩০০টি নকশার মধ্যে ১৯ বছর বয়সী এক তরুণ সাংবাদিক ও ডিজাইনার আলদাইর গার্সিয়া শ্লি'র নকশা বিজয়ী হয়। আলদাইর করা ডিজাইনের জার্সির শার্ট ছিলো হলুদ রঙের সাথে নীল শর্টস আর সাদা মোজা। এটাই আজকের বিখ্যাত ক্যানারিনহো হলুদ জার্সি।
১৯৫৪ সালে সুইজারল্যান্ড বিশ্বকাপে ব্রাজিল প্রথমবার এই নতুন হলুদ জার্সি পরে মাঠে নামে। তবে ১৯৫৮ সালে গারিঞ্চা, পেলের নেতৃত্বে ব্রাজিল বিশ্বকাপ জিতলে, অমরত্ব পায় আইকনিক হলুদ জার্সিটি। ৫টি বিশ্বকাপ জয়, সেই সাথে আরও অনেক সাফল্যে এই হলুদ জার্সি আর রং এখন ব্রাজিলের জাতীয় প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
ব্রাজিলের প্রথম কোপা আমেরিকা জয়ের শতবর্ষ উদযাপনে ২০১৯ সালের কোপায় ব্রাজিলের দ্বিতীয় জার্সি হিসেবে নীল রঙের পরিবর্তে একদম প্রথম দিককার সাদা রঙের জার্সিটিকে ফিরিয়ে আনা হয়। ‘অপয়া’ জার্সির ফিরে আসা নিয়ে কিছু মানুষ শঙ্কিত হলেও তেমন কিছুই ঘটেনি, সেই ১৯১৯ সালের পুনরাবৃত্তি ঘটিয়ে আবারও ঘরের মাঠে কোপা আমেরিকার শিরোপা জিতে নেয় সেলেসাওরা।
/এমএইচআর