×
Logo

খেলাধুলা

বিশ্বকাপের ১০ দিন আগে ইরানি ফুটবলারদের ভিসা দিল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১০:১৭ এএম

বিশ্বকাপের ১০ দিন আগে ইরানি ফুটবলারদের ভিসা দিল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র-ইরানের চলমান সংঘাতের মধ্যে ২০২৬ ফিফা বিশ্বকাপে খেলতে ইরানি ফুটবলারদের ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ শুরুর মাত্র ১০ দিন আগে ভিসার বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। খবর, আল জাজিরার।  

শুক্রবার (৫ জুন) সামাজিকমাধ্যম 'এক্স' বিষয়টি নিশ্চিত করে পোস্ট দেন টম ব্যারাক। বলেন, বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ইরানের জাতীয় ফুটবল দলের ভিসা প্রক্রিয়াকরণের জন্য আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের জন্য আমি গর্বিত।

তবে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, জাতীয় দলের কিছু কারিগরি ও প্রশাসনিক কর্মকর্তার ভিসা এখনও অনুমোদন করা হয়নি। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ইরান ফুটবল ফেডারেশন। 

এদিকে সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের বিশ্বকাপ প্রতিনিধি দলে এমন কাউকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না যাদের সঙ্গে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সম্পর্ক রয়েছে। 

এর আগে, গত ডিসেম্বরে আইআরজিসির সাবেক কমান্ডার হওয়ায় ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ভিসা পাননি ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ। পরে ভিসা জটিলতা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে ইরান শেষ মুহূর্তে তাদের দলের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিজুয়ানায় স্থানান্তর করে। 

উল্লেখ্য, ১৯৩০ সালে বিশ্বকাপ শুরুর পর থেকে এবারই প্রথম কোনো আয়োজক দেশ এমন একটি দেশেকে স্বাগত জানাতে যাচ্ছে যার সঙ্গে তার সরাসরি সংঘাত চলছে।

/এওয়াইএ/এনএ 

Logo