×
Logo

খেলাধুলা

প্রস্তুতি ম্যাচে ফ্রান্সকে হারালো আইভরি কোস্ট

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৭:৫৭ এএম

প্রস্তুতি ম্যাচে ফ্রান্সকে হারালো আইভরি কোস্ট

আসন্ন বিশ্বকাপের অন্যতম ফেবারিট দল ফ্রান্সকে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে এক বড়সড় সতর্কবার্তা দিল আইভরি কোস্ট। বৃহস্পতিবার (৪ জুন) নানটেঁসে অনুষ্ঠিত ম্যাচে ফ্রান্সকে ২-১ ব্যবধানে হারিয়ে এক চমকপ্রদ ও ঐতিহাসিক জয় তুলে নিয়েছে আফ্রিকান পরাশক্তি আইভরি কোস্ট। আইভরি কোস্টের এই স্মরণীয় জয়ে মূল নায়কের ভূমিকা পালন করেন ২৩ বছর বয়সী স্ট্রাসবার্গ ডিফেন্ডার গুয়েলা দুয়ে। 

ম্যাচের শুরুটা অবশ্য ফ্রান্সের পক্ষেই ছিল। প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে ম্যানচেস্টার সিটির তারকা রায়ান চেরকির এক দুর্দান্ত ও দর্শনীয় গোলে এগিয়ে যায় ফরাসিরা। কিন্তু বিরতির পর ম্যাচের চিত্রপট পুরোপুরি বদলে যায়। দ্বিতীয়ার্ধে দিদিয়ের দেশমের শিষ্যরা মাঠের নিয়ন্ত্রণ হারালে রক্ষণভাগের বেশ কিছু ভুলের চড়া মূল্য দিতে হয় ‘লে ব্লুজ’দের।

৫৩ মিনিটে নিকোলাস পেপের পাস থেকে বল পেয়ে ফ্রান্সের গোলরক্ষক মাইক মাইনোকে পরাস্ত করে আইভরি কোস্টকে সমতায় ফেরান গুয়েলা দুয়ে। মজার ব্যাপার হলো, গুয়েলা দুয়ের ছোট ভাই দেজিরে দুয়ে বর্তমানে ফ্রান্স জাতীয় দল ও পিএসজি-র ফরোয়ার্ড হিসেবে খেলছেন। ফলে এক অর্থে ভাইয়ের দলের বিপক্ষেই গোল করে বসেন তিনি। সমতা আনার পর গুয়েলা দুয়ের বাড়ানো এক চমৎকার ক্রস থেকেই ডি-বক্সের ভেতর আলতো ট্যাপ-ইনে আইভরি কোস্টের পক্ষে জয়সূচক গোলটি করেন আমাদ দিয়ালো। ‘লে ব্লুজ’দের বিপক্ষে ফুটবল ইতিহাসে এটিই আইভরি কোস্টের প্রথম জয়। 

টানা ৯ ম্যাচ অপরাজিত থাকার পর এই হারের মুখ দেখল ফ্রান্স। ম্যাচের দ্বিতীয়ার্ধে আইভরি কোস্টের খেলোয়াড়দের গতির সাথে মানিয়ে নিতে বেশ বেগ পেতে হয়েছে ফরাসিদের, যার ফলে কোচ দেশম দ্বিতীয়ার্ধেই প্রায় ১০টি পরিবর্তন আনেন। অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে প্রথমার্ধে বেশ কিছু আক্রমণাত্মক সুযোগ তৈরি করলেও বিরতির সময়ই তাকে তুলে নেওয়া হয়। ফ্রান্সের জন্য এই ম্যাচের একমাত্র ইতিবাচক দিক ছিল গোলদাতা চেরকির দারুণ পারফরম্যান্স, যা ১৬ জুন সেনেগালের বিপক্ষে ফ্রান্সের বিশ্বকাপ শুরুর ম্যাচে তার মূল একাদশে থাকার দাবিকে জোরালো করল।

যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার আগে এই জয় আইভরি কোস্টের আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দিল। আগামী ১৫ জুন ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে আইভরি কোস্ট। অন্যদিকে, ধাক্কা খাওয়া ফ্রান্স দল আগামী সোমবার (৮ জুন) লিলি-তে উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে।

/এএ 

Logo