×
Logo

খেলাধুলা

দ্য গ্রেটেস্ট শো অন আর্থ

‌ইতিহাসের খেরোখাতা থেকে আধুনিক বিশ্বকাপ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ১১:৫৪ এএম

‌ইতিহাসের খেরোখাতা থেকে আধুনিক বিশ্বকাপ

গ্লোবাল ডিকশনারিতে সবচেয়ে চেনা শব্দগুলোর তালিকা করলে ওপরের দিকেই থাকবে ‘ফুটবল’। আফ্রিকার বিদ্যুৎহীন, অনুন্নত গ্রাম থেকে শুরু করে ফার্স্ট ওয়ার্ল্ডের যে কোনো আধুনিক মেগাসিটি— ভৌগোলিক ও সামাজিক সব ব্যবধান এক নিমিষেই মুছে দিতে পারে এই একটি গোল চামড়ার বল।

চীনের প্রাচীন 'কুজু' ও ইংল্যান্ডের 'মব ফুটবল'

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, প্রাচীন চীনের 'কুজু' থেকে মধ্যযুগের ইংল্যান্ডের হিংস্র 'মব ফুটবল' হয়ে আধুনিক রূপ পায় এই খেলা। যা পরবর্তীতে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির হাত ধরে ছড়িয়ে পড়ে বিশ্বময়। তবে ফুটবলকে বৈশ্বিক স্তরে নিয়ে গেছে ফিফা বিশ্বকাপ। ঐতিহ্যগতভাবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ তকমাটি অলিম্পিক গেমসের দখলে থাকলেও বর্তমান যুগে তীব্র ও উন্মাদনা আর দর্শকপ্রিয়তার বিচারের সেই সিংহাসন এখন এককভাবে ফিফা বিশ্বকাপের।

বিংশ শতাব্দীর শুরুতে ফুটবলের জনপ্রিয়তা যখন আকাশচুম্বী হতে শুরু করে, তখন অলিম্পিকের গণ্ডি পেরিয়ে কেবল ফুটবলের জন্য একটি স্বাধীন বৈশ্বিক টুর্নামেন্টের স্বপ্ন দেখেন ফিফার তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট জুলে রিমে। তার অক্লান্ত প্রচেষ্টায় ১৯২৮ সালে ফিফা নিজস্ব বিশ্বকাপ আয়োজনের ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। সেই ধারাবাহিকতায় বিশ্বকাপের যাত্রা শুরু হয় ১৯৩০ সালে।

প্রথম বিশ্বকাপের আয়োজক হয় ল্যাটিন আমেরিকার দেশ উরুগুয়ে। সেবার প্রথম বিশ্বযুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা থাকায় অংশগ্রহণকারী দেশের সংখ্যা ছিল মাত্র ১৩। প্রথম বিশ্বকাপ জয়ের ইতিহাসটি স্বাগতিক দেশ উরুগুয়ের ঝুলিতেই ওঠে। সেবার রানার্সআপ হয় আর্জেন্টিনা।

তারপর ১৯৩৪ সালে ইতালি বিশ্বকাপ ও ১৯৩৮ সালে ফ্রান্স বিশ্বকাপের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ১৯৪২ ও ১৯৪৬ সালে বন্ধ থাকে এই আয়োজন। ১৯৫০ সালে ব্রাজিলে আবারও শুরু হয় বিশ্ব ফুটবলের এই আসর। সেবার ফাইনালে উরুগুয়ের কাছে শিরোপা হারায় স্বাগতিক ব্রাজিল।

১৯৫৮ এবং ১৯৭০ বিশ্বকাপে পেলে

১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপ ফুটবলের ইতিহাস চিরতরে বদলে দেয়। মাত্র ১৭ বছর বয়সি এক কৃষ্ণাঙ্গ তরুণ ফুটবল বিশ্বে পা রাখেন— তিনি পেলে। পেলের জাদুকরী নৈপুণ্যে ব্রাজিল ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০ সালে তিনটি বিশ্বকাপ জিতে চিরদিনের জন্য ‘জুলে রিমে ট্রফি’টি নিজেদের করে নেয়। পরবর্তীতে ফিফা ওয়ার্ল্ড কাপ নামে নতুন ট্রফি তৈরি করে, যা আজ অবধি ব্যবহৃত হচ্ছে।

১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনা

১৯৭০ ও ৮০-এর দশকে ফুটবল কৌশলে ব্যাপক পরিবর্তন আসে। ইয়োহান ক্রুইফের হাত ধরে নেদারল্যান্ডস বিশ্বকে চেনায় ‘টোটাল ফুটবল’। তবে ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপ একক নৈপুণ্যে নিজের করে নেন আর্জেন্টিনার মহাতারকা ডিয়েগো ম্যারাডোনা। ইংল্যান্ডের বিপক্ষে তার ‘হ্যান্ড অব গড’ এবং মাঝমাঠ থেকে ৬ জন খেলোয়াড়কে কাটিয়ে করা ‘শতাব্দীর সেরা গোল’ আর্জেন্টিনাকে দ্বিতীয় শিরোপা এনে দেয়। আর ফুটবল ঈশ্বর খ্যাত ম্যারাডোনার যুগে বাংলাদেশে আর্জেন্টিনার একটি বিশাল সমর্থকগোষ্ঠী তৈরি হয়, যা আজও বিদ্যমান।

২০০২ বিশ্বকাপে রোনালদিনহো এবং রোনালদো নাজারিও

২০০২ সালে প্রথমবার ইউরোপ ও আমেরিকার বাইরে এশিয়ার মাটিতে (যৌথভাবে জাপান ও দক্ষিণ কোরিয়ায়) বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। যেখানে জার্মানিকে হারিয়ে রেকর্ড পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হয় রোনালদো-রোনালদিনহোর ব্রাজিল। ২০১০ সালে স্পেন তাদের বিখ্যাত পাসিং ফুটবল ‘টিকি-টাকা’ দিয়ে প্রথমবার বিশ্বজয় করে।

২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বল এবং ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বল ও বিশ্বকাপ হাতে মেসি

এছাড়া মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রথমবারের মতো শীতকালে (নভেম্বর-ডিসেম্বর) অনুষ্ঠিত হয় ২০২২ বিশ্বকাপ। এটিকে ইতিহাসের অন্যতম সেরা বিশ্বকাপ বলা হয়। লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিক রুখে দিয়ে টাইব্রেকারে জয়ী হয় আর্জেন্টিনা। এর মাধ্যমে দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে নিজের ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা দূর করে ট্রফি উঁচিয়ে ধরেন লিওনেল মেসি।

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা জার্মানির মিরোস্লাভ ক্লোসা এবং এক আসরে সর্বোচ্চ গোলদাতা ফ্রান্সের জা ফন্টেইন

বিশ্ব আসরে এ পর্যন্ত সবচেয়ে সফল দল ব্রাজিল। যারা ৫ বার শিরোপা জিতেছে। এছাড়া চারবার করে জিতেছে জার্মানি ও ইতালি। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা জার্মানির মিরোস্লাভ ক্লোসা (১৬ গোল)। এক আসরে সর্বোচ্চ গোল ১৯৫৮ বিশ্বকাপে ফ্রান্সের জা ফন্টেইনের। যিনি একাই করেছিলেন ১৩ গোল, যা আজও ভাঙেনি। আর সবচেয়ে সফল খেলোয়াড় পেলে। যিনি একমাত্র ফুটবলার হিসেবে ৩টি বিশ্বকাপ জিতেছেন। 

এছাড়া বিশ্বকাপের ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে দুইবার গোল্ডেন বল জিতেছেন আর্জেন্টিনার মহাতারকা ফুটবলার লিওনেল মেসি। তিনি ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপে এই অনন্য সম্মাননা অর্জন করেন।

রেকর্ড আর ইতিহাসের বাঁক পেরিয়ে ২০২৬ বিশ্বকাপ পা রাখছে এক নতুন দিগন্তে। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজনে এবারই প্রথম ৩২ দলের পরিবর্তে রেকর্ড ৪৮টি দেশ অংশ নিচ্ছে। ম্যাচ সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১০৪টিতে। ফুটবল ইতিহাসের এই নতুন অধ্যায়ের দিকেই এখন তাকিয়ে আছে পুরো বিশ্ব।

/এনএ 

Logo