ইনজুরিতে গানাব্রি, বিশ্বকাপের আগে বড় ধাক্কা জার্মানির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১১ পিএম
ফিফা বিশ্বকাপ শুরুর দুই মাসেরও কম সময় বাকি থাকতে বড় ধাক্কা খেল জার্মানি। চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন জার্মান জাতীয় দল ও বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড সার্জে গানাব্রি।
বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন গানাব্রি নিজেই।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে গানাব্রি লেখেন, ‘জার্মানির হয়ে বিশ্বকাপ জেতার স্বপ্নটি আমার জন্য দুঃখজনকভাবে শেষ হয়ে গেল। এখন আমি দেশের বাকি মানুষের মতোই বাড়িতে বসে ছেলেদের (দলের সতীর্থদের) সমর্থন জোগাব।’
এদিকে বায়ার্ন মিউনিখ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, গানাব্রিকে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে কাটাতে হবে।
মূলত, গত সপ্তাহে রিয়াল মাদ্রিদের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টারা ফাইনালে বায়ার্ন মিউনিখের শুরুর একাদশে ছিলেন গানাব্রি। তবে ম্যাচের ৬১তম মিনিটে চোট অনুভব করলে তার তার পরিবর্তে জামাল মুসিয়ালাকে নামানো হয়। এরপর শনিবার বুন্দেসলিগায় স্টুটগার্টের বিপক্ষে বায়ার্নের শিরোপা জয়ের দিনেও তিনি দলের সাথে অনুশীলনে অংশ নিয়েছিলেন। কিন্তু পরবর্তী মেডিকেল পরীক্ষায় দেখা যায়, তার চোট বেশ গুরুত্বর।
বায়ার্ন মিউনিখের হয়ে ট্রেবল জয়ের মিশনেও থাকছেন না এই ফরোয়ার্ড। জাতীয় দলের হয়ে ৫৯ ম্যাচে ২৬ গোল করা এই ফরোয়ার্ডের অনুপস্থিতি বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ালো কোচ নাগেলসম্যানের জন্য। আপাতত মাঠের বাইরে থেকে সতীর্থদের উৎসাহ দেবেন এই বাভারিয়ান তারকা।
/এমএইচআর