লেভারকুজেনকে হারিয়ে ৫ বছর পর জার্মান কাপের ফাইনালে বায়ার্ন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২৯ এএম
বায়ার লেভারকুজেনকে হারিয়ে দীর্ঘ ৫ বছর পর জার্মান কাপের (ডিএফবি পোকাল) ফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। সেমি-ফাইনালে ভেসোঁ কম্পানির শিষ্যরা ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করেছে।
বুধবার (২২ এপ্রিল) রাতে অনুষ্ঠিত এই ম্যাচে লেভারকুজেনের ওপর একচেটিয়া আধিপত্য বিস্তার করে খেলে বাভারিয়ানরা। পুরো ম্যাচে প্রতিপক্ষের গোল অভিমুখে ২০টি শট নেয় তারা। ম্যাচের ২২ মিনিটেই হ্যারি কেইনের নিখুঁত ফিনিশিংয়ে লিড নেয় বায়ার্ন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ইংলিশ স্ট্রাইকারের ৫২তম গোল।
ম্যাচের নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ে লেভারকুজেনের জালে শেষ পেরেকটি ঠুকে দেন কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াস। এই জয়ে শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট নিশ্চিত করলো বায়ার্ন।
বুন্দেসলিগা জয়ের পর এবার বায়ার্নের সামনে ট্রেবল জয়ের হাতছানি। তবে জার্মান কাপের ফাইনালের আগে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে পিএসজির মুখোমুখি হবে মিউনিখ।
/এএ