ক্রিকেট বোর্ডকে দায়িত্ব ছাড়তে বলল শ্রীলঙ্কার সরকার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৮:১০ পিএম
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) পরিচালনা পর্ষদ নিয়ে অনেক দিন ধরেই বিতর্ক ছিল। অবশেষে এবার সেই বিতর্কের অবসান হতে যাচ্ছে। দুর্নীতি ও অব্যবস্থাপনায় অভিযুক্ত ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটিকে চলতি সপ্তাহের মধ্যেই দায়িত্ব ছেড়ে দিতে বলেছে লঙ্কান সরকার। খবর, এএফপি'র।
বুধবার (২২ এপ্রিল) বার্তা সংস্থাটিকে বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বোর্ড পুনর্গঠনে নতুন প্রশাসনের পথ সুগম করতেই এই নির্দেশ দেওয়া হয়েছে।
মূলত, এসএলসি শ্রীলঙ্কার সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা হলেও দীর্ঘদিন ধরে এর শীর্ষ কর্তাদের বিরুদ্ধে অনিয়মের নানা অভিযোগ উঠছে। বর্তমানে বোর্ডটির নেতৃত্বে রয়েছেন চার মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করা শাম্মি সিলভা।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, একজন সাবেক ইনভেস্টমেন্ট ব্যাংকারের নেতৃত্বে শিগগিরই একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে। জনগণের তীব্র অসন্তোষের পরিপ্রেক্ষিতে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।
অবশ্য শ্রীলঙ্কান ক্রিকেটে সরকারি হস্তক্ষেপের ইতিহাস নতুন নয়। বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ২০২৩ সালের নভেম্বরে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছিল আইসিসি। দীর্ঘ আলোচনার পর ২০২৪ সালের জানুয়ারিতে শেষে সেই স্থগিতাদেশ তুলে নেওয়া হয়।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি-মার্চে ভারতের সঙ্গে যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করে শ্রীলঙ্কা। ঘরের মাঠে খেলা টুর্নামেন্টটিতে শ্রীলঙ্কা সুপার এইট থেকে বিদায় নিলে বোর্ডের আমূল পরিবর্তনের জোরালো দাবি ওঠে সমর্থকদের মধ্যেও।
/এমএইচআর