×
Logo

খেলাধুলা

র‍্যাঙ্কিংয়ে সুখবর পেলেন নাহিদ-তামিমরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পিএম

র‍্যাঙ্কিংয়ে সুখবর পেলেন নাহিদ-তামিমরা

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বড় জয়ের পুরষ্কার পাচ্ছেন নাহিদ রানা, তানজিদ হাসান তামিমরা। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে আসার সুখবর পেয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার।

র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ শেষে দেখা গেছে, সবচেয়ে বড় লাফ দিয়েছেন নাহিদ রানা। নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাঁচ উইকেট নিয়ে কিউই ব্যাটারদের দুমড়ে-মুচড়ে দেওয়ার পুরস্কার পেলেন 'বাংলাদেশ এক্সপ্রেস'। ৩২ ধাপ এগিয়ে ৬৪তম ওয়ানডে বোলার এখন রানা।

দুই ম্যাচে তিন উইকেট নেওয়া রিশাদ হোসেন এগিয়েছেন ১০ ধাপ, এই লেগ স্পিনার আছেন ৫৮ নম্বরে। দেড় বছর পর ওয়ানডেতে ফেরা শরিফুল আবারও র‍্যাংকিংয়ে ফিরেছেন। বাঁহাতি এই পেসার আছেন ৩৯ নম্বরে। ইনজুরিতে ২ ম্যাচ না খেলা মোস্তাফিজুর রহমান পিছিয়েছেন সাত ধাপ। 

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা ব্যাটার তাওহিদ হৃদয়। সবশেষ ৫ ম্যাচে ষাটের বেশি গড়ে ব্যাট করা হৃদয় পাঁচ ধাপ এগিয়ে এখন ক্রিকেট দুনিয়ার ২৬তম ব্যাটার। দ্বিতীয় ওয়ানডেতে ৭৬ রানের ইনিংস খেলা তানজিদ হাসান তামিম এগিয়েছেন ১৪ ধাপ, তার র‍্যাংকিং ৪০তম। 

এক ধাপ এগিয়ে ৪৩তম ব্যাটার নাজমুল হোসেন শান্ত, ৮০ নাম্বারে রয়েছেন লিটন দাস। প্রথম ওয়ানডেতে ৫৭ রান করা সাইফ হাসান ১৫ ধাপ এগিয়ে এখন ৮৯ নম্বরে। চার ম্যাচ পর একাদশে সুযোগ পাওয়া সৌম্য সরকার দুই ধাপ পিছিয়ে ৬৭ নম্বরে।

র‍্যাঙ্কিংয়ের দুই নাম্বার অলরাউন্ডার ছিলেন মেহেদী হাসান মিরাজ। টানা ব্যর্থতায় চারে নেমে গেছেন মিরাজ। বোলিংয়েও তাই। দুই ধাপ নেমে এখন ওয়ানডেতে দুনিয়ার অষ্টম বোলার তিনি। ব্যাটিংয়ে এক ধাপ নেমে মিরাজের অবস্থান ৬৮।

ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আফগানিস্তানের রশিদ খান, সেরা ব্যাটার নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে সবার উপরে আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমরজাই।

/এএম

Logo