জটিল রোগাক্রান্ত সাবেক আফগান পেসার শাপুর জাদরান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৩:২২ পিএম
আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান গুরুতর অসুস্থ হয়ে দিল্লির একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। বিরল ও প্রাণঘাতী রোগ হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিসে (এইচএলএইচ) আক্রান্ত হয়ে বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি।
৩৯ বছরে পা দিতে যাওয়া শাপুর জাদরান ২০০৯ থেকে ২০২০ সালের মধ্যে আফগানিস্তানের হয়ে ৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর মধ্যে ছিল ৪৪টি ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি। একসময় মাঠে তার দাপুটে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে এখন তিনি স্টেজ-ফোর এইচএলএইচে আক্রান্ত হয়ে শয্যাশায়ী।
এইচএলএইচ একটি বিরল রোগ। এতে শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা অস্বাভাবিকভাবে সক্রিয় হয়ে ওঠে। ফলে শরীরে তীব্র প্রদাহ তৈরি হয়। এতে অস্থিমজ্জা, লিভার, প্লীহা ও লিম্ফ নোড ক্ষতিগ্রস্ত হতে পারে।
গত অক্টোবর প্রথম অসুস্থতা অনুভব করেন ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই পেসার। পরে চিকিৎসকের পরামর্শে ভারতে যাওয়ার সিদ্ধান্ত নেন। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সহায়তায় দ্রুত ভিসা পান তিনি। চলতি বছরের ১৮ জানুয়ারি দিল্লিতে গিয়ে হাসপাতালে ভর্তি হন।
তার সঙ্গে ছিলেন স্ত্রী ও সাবেক অধিনায়ক আসগর আফগান। পরে কানাডা থেকে যোগ দেন ছোট ভাই ঘামাই জাদরান। চিকিৎসার শুরুতে শরীরে গুরুতর সংক্রমণ ধরা পড়ে। টিবি সংক্রমণ শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে যায়। এমনকি মস্তিষ্কও সংক্রমিত হয়।
প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পান তিনি। তবে অল্প সময়ের মধ্যেই আবার অসুস্থ হয়ে পড়েন। পরে আবার হাসপাতালে ভর্তি করতে হয়। এরপর ডেঙ্গুতেও আক্রান্ত হন তিনি। এতে তার রোগপ্রতিরোধ ক্ষমতা আরও দুর্বল হয়ে পড়ে।
রমজান মাসে করা বোন-ম্যারো পরীক্ষায় নিশ্চিত হয়, তিনি এইচএলএইচ-এর চতুর্থ ধাপে আছেন। এরপর থেকে আইসিইউতে নিবিড় চিকিৎসা চলছে।
বর্তমানে খুব কম কথা বলেন শাপুর। অধিকাংশ সময় ঘুমিয়ে থাকেন। অসুস্থতার কারণে প্রায় ১৪ কেজি ওজন কমেছে তার।
এদিকে তার পাশে দাঁড়িয়েছে আফগান ক্রিকেট পরিবার। নিয়মিত খোঁজ নিচ্ছেন রশিদ খানসহ সতীর্থরা। সাবেক অধিনায়ক আসগর আফগানও সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলছেন।
শাপুরের ভাই জানান, স্টেরয়েড চিকিৎসায় কিছুটা সাড়া মিলছে। এতে পরিবারে নতুন করে আশা তৈরি হয়েছে।
/এমএমএইচ