উইকেট খরায় বুমরাহ, প্রশ্ন উঠেছে বডিল্যাংগুয়েজ ও ফিটনেস নিয়েও
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পিএম
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা পাঁচ ম্যাচে উইকেট শূন্য রয়েছেন ভারতের তারকা পেসার জাসপ্রিত বুমরাহ। উদ্বেগ দেখা দিয়েছে তার সাম্প্রতিক পারফরম্যান্স ও শরীরী ভাষা নিয়ে। প্রশ্ন উঠছে ফর্ম ও ফিটনেস নিয়েও।
সাধারণত গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার জন্য পরিচিত বুমরাহ। তিনি এবার পার করছেন ব্যতিক্রমী এক খারাপ সময়। ক্যাপটেনরা যেখানে তার ওপর নির্ভর করেন, সেখানে এবার তিনি কাঙ্ক্ষিত প্রভাব রাখতে পারছেন না।
বোলিংয়ে তিনি বিভিন্ন ভ্যারিয়েশন ব্যবহার করলেও আগের মতো ধার ও ধারাবাহিকতা দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ থাকলেও আগের মতো বিধ্বংসী বোলিংয়ের ছাপ অনুপস্থিত রয়েছে তার এবারের আইপিএলে।
ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফর প্রশ্ন তুলেছেন বুমরাহর ফিটনেস নিয়ে। তিনি বলেন, বিশ্বকাপ বা আগের সময়ের তুলনায় তার শরীরী ভাষা ও নিয়ন্ত্রণে স্পষ্ট পরিবর্তন দেখা যাচ্ছে। ১০০ শতাংশ ফিট নন জাসপ্রিত বুমরাহ। তার শরীরী ভাষা আগের মতো নেই। যদি তিনি পুরোপুরি ফিট থাকতেন, তাহলে তাকে এভাবে বল করতে দেখা যেত না।
তিনি আরও বলেন, আগের মতো ‘ঝাঁজ’ বা তীক্ষ্ণতা এখন অনুপস্থিত বুমরাহর বোলিংয়ে। বলের গতি ও প্রভাবেও কিছুটা কমতি দেখা যাচ্ছে বলেও পর্যবেক্ষণ করেছেন তিনি।
তবে তিনি এটাও উল্লেখ করেন, ফর্ম ওঠানামা করতেই পারে। পাশাপাশি বুমরাহ শীঘ্রই নিজের ছন্দে ফিরবেন বলে আশা করছেন ভারতের সাবেক এই ওপেনার।
/এনএ