ডান হাটুতে অস্বস্তির কারণে একাদশে নেই মোস্তাফিজ;
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫২ এএম
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে টসের আগমুহূর্তে মোস্তাফিজুর রহমানের চোট নিয়ে নাটকীয়তা তৈরি হয়েছে বাংলাদেশ শিবিরে। ওয়ার্ম-আপের সময় ডান হাঁটুতে অস্বস্তি অনুভব করায় শেষ মুহূর্তে মোস্তাফিজকে সরিয়ে একাদশে নেওয়া হয়েছে শরীফুল ইসলামকে।
শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে বিসিবির পক্ষ থেকে দেওয়া প্রথম তালিকায় তাসকিন আহমেদকে বদলি খেলোয়াড় হিসেবে দেখানো হয়েছিল। তবে কিছুক্ষণের মধ্যেই সেই সিদ্ধান্ত পরিবর্তন করে জানানো হয়, মোস্তাফিজের চোটের কারণে শরীফুল খেলবেন এবং তাসকিন থাকছেন মূল একাদশেই। বাংলাদেশ দলের অপারেশনস ম্যানেজার নাফিস ইকবাল নিশ্চিত করেছেন, ঝুঁকি এড়াতেই মোস্তাফিজকে এই ম্যাচের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে আজ শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে টাইগাররা। একাদশে লিটন দাস, নাজমুল হোসেন শান্ত এবং তাওহিদ হৃদয়ের মতো অভিজ্ঞদের পাশাপাশি রয়েছেন গতির ঝড় তোলা নাহিদ রানা। অন্যদিকে, কিউইদের নেতৃত্বে রয়েছেন টম ল্যাথাম। মিরপুরের উইকেটে মোস্তাফিজের অভাব শরীফুল কতটা পূরণ করতে পারেন, এখন সেটিই দেখার বিষয়।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), হেনরি নিকোলস, নিক কেলি, মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জেডেন লেনক্স ও উইলিয়াম ও’রুর্কি।
/এএ