×
Logo

খেলাধুলা

চ্যাম্পিয়ন্স লিগ

প্রথম লেগে হারের পর সেমির লড়াইয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে লিভারপুল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পিএম

প্রথম লেগে হারের পর সেমির লড়াইয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে লিভারপুল

প্রথম লেগে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)-এর মাঠে ২-০ গোলে হারের পর এখন অ্যানফিল্ডে মিরাকল দেখানোর অপেক্ষায় লিভারপুল। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১টায় অ্যানফিল্ডে সেমিফাইনালে ওঠার কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে লিভারপুল ও পিএসজি।

শেষ চারে যেতে হলে লিভারপুলকে অন্তত ৩-০ বা তার বেশি ব্যবধানে জয় পেতে হবে। তবে ২-০ ব্যবধানে জিতলেও সম্ভাবনা থাকবে রেডসদের। সেক্ষেত্রে অতিরিক্ত সময়ে যাবে ম্যাচ। কিন্তু যদি পিএসজি গোল করে, তাহলে সমীকরণ আরও কঠিন হয়ে উঠবে অ্যাওয়ে গোলে পিএসজি এগিয়ে থাকার কারণে।

এর আগে, প্রথম লেগে পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে পিএসজি কিন্তু অবাক করার মতো বিষয় লিভারপুল একটিও শট অন টার্গেটে নিতে পারেনি, যা তাদের আক্রমণভাগের দুর্বলতাই তুলে ধরে।

লিভারপুলের কোচ আর্নে স্লট জানান, ম্যাচে জিততে হলে শুরু থেকেই আক্রমণাত্মক প্রেসিং ও ঝুঁকি নিতে হবে। তার বিশ্বাস, অ্যানফিল্ডে দ্রুত একটি গোল ম্যাচের গতিপথ বদলে দিতে পারে।

অন্যদিকে, পিএসজির কোচ লুইস এনরিকে জানান, লিভারপুলের মতো শক্তিশালী প্রতিপক্ষকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। একটি অ্যাওয়ে গোলই ম্যাচের চিত্র পুরোপুরি বদলে দিতে পারে।

বিশ্লেষকদের মতে, লিভারপুলকে শুরু থেকেই মাঠে হাই প্রেসিং ও আক্রমণাত্মক থাকতে হবে। মিডফিল্ডে বল দখল বাড়াতে হবে ও পিএসজির আক্রমণভাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং দ্রুত গোল করে ম্যাচের গতি ফিরিয়ে আনতে হবে।

এদিকে, লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ড সবসময়ই বড় ম্যাচে বিশেষ ভূমিকা রাখে। অতীতে লিভারপুল বার্সেলোনার বিপক্ষে এই মাঠে ৪-০ গোলের ঐতিহাসিক জয় এনেছিল, যা এবারও দলকে অনুপ্রাণিত করছে। ২-০ ব্যবধানে পিছিয়ে থাকলেও লিভারপুল এখনও সেমির দৌড়ে আছে। তবে শেষ চারে উঠতে হলে তাদের খেলতে হবে প্রায় নিখুঁত ফুটবল। কারণ প্রতিপক্ষ পিএসজি রয়েছে দুর্দান্ত ফর্মে। 

সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে শেষ হাসি কে হাসে লিভারপুল নাকি পিএসজি  তা দেখা যাবে মাঠেই।  

/এওয়াইএ/এনএ


Logo