×
Logo

খেলাধুলা

মেজর লিগ সকার

মেসির ফ্রি-কিক মিস, নতুন স্টেডিয়ামে জয়ের অপেক্ষা বাড়ল মায়ামির

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১০:৪০ এএম

মেসির ফ্রি-কিক মিস, নতুন স্টেডিয়ামে জয়ের অপেক্ষা বাড়ল মায়ামির

মেজর লিগ সকারে (এমএলএস) নিজেদের ঘরের মাঠ নু স্টেডিয়ামে জয়খরা কাটাতে পারলো না ইন্টার মায়ামি। শনিবার (১১ এপ্রিল) নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে লিওনেল মেসির দল।

জয়ের সুযোগ থাকলেও শেষ মুহূর্তে অফসাইড এবং মেসির ব্যর্থ ফ্রি কিকের কারণে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও ১৪ মিনিটে লিড নেয় নিউ ইয়র্ক রেড বুলস। মায়ামির রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে জুলিয়ান হলের পাসে সহজ গোলে দলকে এগিয়ে দেন জর্জ রুভালকাবা। 

পিছিয়ে পড়ে মায়ামি সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে। বিরতির ঠিক আগে ৪৫ মিনিটে রদ্রিগো ডি পলের দারুণ এক ক্রস থেকে ডান পায়ের শটে গোল করে মাতেও সিলভেত্তি মায়ামিকে ম্যাচে ফেরান।

দ্বিতীয়োর্ধের শুরুতে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন মেসি, কিন্তু ভারসাম্য হারিয়ে ফেলায় তাঁর শট লক্ষ্যভ্রষ্ট হয়। তবে ৫৪ মিনিটে মায়ামি ঠিকই লিড নেয়। প্রতিপক্ষের ভুল পাসের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন জার্মান বার্তেরামে। জয়ের পথে থাকা মায়ামি ধাক্কা খায় ৭৬ মিনিটে, যখন সেট পিস থেকে আদ্রি মেহমেতি গোল করে নিউ ইয়র্ককে সমতায় ফেরান।

ম্যাচের অন্তিম মুহূর্তে নাটকের বাকি ছিলো আরও। ৮৯ মিনিটে মায়ামি তৃতীয়বার বল জালে পাঠালেও মেসি অফসাইডে থাকায় ভিএআর তা বাতিল করে দেয়। এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে মেসির নেওয়া সিগনেচার ফ্রি কিক অবিশ্বাস্যভাবে সেভ করেন নিউ ইয়র্ক গোলরক্ষক ইথান হোরভাথ। 

এর ফলে, টানা দ্বিতীয় ম্যাচে ২-২ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ইন্টার মায়ামিকে। অস্টিনের পর নিউ ইয়র্কের সাথেও পয়েন্ট হারিয়েছে তারা। তবে হার দিয়ে মৌসুম শুরু করলেও টানা ছয় ম্যাচ অপরাজিত থাকা মেসির দল ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এখন অবস্থান করছে টেবিলের তিন নম্বরে।

/এমএইচআর

Logo