×
Logo

খেলাধুলা

গেইল-কোহলিকে ছাড়িয়ে গেলেন বাবর আজম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১০:২৭ এএম

গেইল-কোহলিকে ছাড়িয়ে গেলেন বাবর আজম

ক্রিস গেইল, ভিরাট কোহলি, ডেভিড ওয়ার্নারদের ছাড়িয়ে গেলেন বাবর আজম। ১২তম ব্যাটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করা বাবর এই তালিকায় দ্রুততম। মাত্র ৩৩৮ ইনিংসে এই কীর্তি গড়েছেন এই ডানহাতি, গেইলের লেগেছিল ৩৪৩ ইনিংস।

মূলত, পাকিস্তানের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার, নিঃসন্দেহে মডার্ন ডে গ্রেট। যার নাম উচ্চারিত হয় কোহলি-রুট-স্মিথ-উইলিয়ামসনদের সাথে। একটা জায়গায় সবাইকে ছাড়িয়ে গেলেন পাকিস্তানের এই জীবন্ত কিংবদন্তি।

সম্প্রতি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে করাচি কিংসের বিপক্ষে ৫১ বলে অপরাজিত ৮৭ রানের ইনিংস খেলেন বাবর। তাতেই স্বীকৃত টি-টোয়েন্টিতে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন পেশাওয়ার জালমি অধিনায়ক। ১২তম ব্যাটার হিসেবে এই অর্জনে নাম লেখানো বাবর এখন টি-২০ ইতিহাসের ১১তম সর্বোচ্চ রানসংগ্রাহক।

টি-২০ ইতিহাসের সর্বোচ্চ রানসংগ্রাহক ক্রিস গেইল, তার ঠিক পেছনেই স্বদেশী কায়রন পোলার্ড। যার সামনে প্রথম ব্যাটার হিসেবে ১৫ হাজার টি-২০ রান করার সুযোগ। এলেক্স হেলস, ডেভিড ওয়ার্নার, জস বাটলাররাও ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। ভিরাট কোহলি, শোয়েব মালিকের রান সাড়ে তেরো হাজারের বেশি।

এদিকে, পাকিস্তানি ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ টি-২০ রান বাবরের। সর্বোচ্চ ১৩৫৭১ মালিকের। এই দুজন বাদে আর কারো নয় হাজার রানও নেই। বোঝাই যাচ্ছে, নানা সময়ে সমালোচিত হলেও এই ফরম্যাটে ব্যাটার বাবর কতখানি ডিপেন্ডেবল।

সবচেয়ে গুরুত্বপূর্ণ, যতজন ব্যাটার টি-২০তে ১২০০০ রান করেছেন- কেউই বাবরের আগে করতে পারেননি। ৩৩৮ ইনিংসে এই মাইলফলক ছোঁইয়া বাবর পেছনে ফেলেছেন ৩৪৩ ইনিংসে ১২ হাজারি ক্লাবে প্রবেশ করা ক্রিস গেইলকে।

যদিও টি-২০ ক্যারিয়ারের চরম বাজে সময় পার করছিলেন বাবর আজম। টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিজের ছায়া হয়েছিলেন, কড়া সমালোচনার মুখে বাদ পড়েছিলেন বাংলাদেশের বিপক্ষে সিরিজের দল থেকেও। এখন প্রশ্ন উঠছে, টি-২০ ক্যারিয়ারে নতুন জীবন কি পাবেন বাবর?

/এমএইচআর

Logo