×
Logo

খেলাধুলা

অ্যাটলেটিকো মাদ্রিদের টিম বাসে হামলা, শাস্তির মুখে বার্সেলোনা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পিএম

অ্যাটলেটিকো মাদ্রিদের টিম বাসে হামলা, শাস্তির মুখে বার্সেলোনা

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদকে আতিথ্য দেয় বার্সেলোনা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে সফরকারীদের কাছে ২-০ গোলে হেরে যায় কাতালানরা। তবে ম্যাচের আগে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা।

মূলত, মাচের পূর্বে অ্যাটলেটিকো মাদ্রিদের টিম বাস স্টেডিয়ামে পৌঁছানোর সময় হামলার শিকার হয়। একদল বার্সেলোনা সমর্থক বাসটি লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছুড়তে থাকে। এতে সফরকারী দলের কোনো সদস্য আহত না হলেও বাসের বেশ ক্ষতি হয়। বিশেষ করে চালকের দিকের জানালার দুটি কাচ ভেঙে যায়।

অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় উয়েফার শাস্তির মুখে পড়তে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এতে কাতালান ক্লাবটিকে বড় অঙ্কের আর্থিক জরিমানা করা হতে পারে।

টিম বাসে হামলার ঘটনায় হতাশা প্রকাশ করে অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওন বলেন, 'সমাজ পরিবর্তন হয়নি এবং আমরা এটিকে ঠিকও করতে পারব না। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং প্রতিবার বার্সেলোনা সফরে এলে সাধারণত এমনটাই ঘটে থাকে।'

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’ এই ঘটনায় উয়েফার নীতিমালার কথা উল্লেখ করেছে। বিশেষ করে উয়েফা প্রতিযোগিতার ম্যাচগুলোতে ‘শৃঙ্খলারক্ষা ও নিরাপত্তা’ সম্পর্কিত ১৬ নম্বর অনুচ্ছেদের বিষয়টি সামনে এনেছে তারা। এই অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে, ‘ম্যাচের আগে, ম্যাচ চলাকালীন এবং ম্যাচের পরে স্টেডিয়ামের ভেতরে ও এর আশপাশের এলাকায় শৃঙ্খলা এবং নিরাপত্তার দায়িত্ব স্বাগতিক ক্লাব এবং জাতীয় অ্যাসোসিয়েশনের। সব অ্যাসোসিয়েশন এবং ক্লাবকে উয়েফার নিরাপত্তা বিধিমালা মেনে চলতে হবে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তারা দায়ী থাকবে। আয়োজনে তাদের কোনো অবহেলা ছিল না, এটি প্রমাণ করতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।’

উল্লেখ্য, আগামী মঙ্গলবার ফিরতি লেগে নিজেদের মাঠে বার্সাকে আতিথ্য দেবে অ্যাটলেটিকো মাদ্রিদ। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ১টায়।

/এমএইচআর

Logo