দায়িত্ব ছাড়ার পাঁচ দিন পর দুনিয়া ছেড়ে চলে গেলেন কিংবদন্তি কোচ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পিএম
সপ্তাহখানেক আগে রোমানিয়ার জাতীয় দলের কোচের পদ ছেড়েছিলেন মিরচা লুসেস্কু। পদত্যাগের মাত্র পাঁচ দিন পর এবার দুনিয়াই ছেড়ে চলে গেলেন ৮০ বছর বয়সী রোমানিয়ার কিংবদন্তি কোচ।
গত বৃহস্পতিবার (২ এপ্রিল) দলের অনুশীলনের আগে হঠাৎ অসুস্থতা অনুভব করলে প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মিরচা লুসেস্কু। চিকৎসাধীন অবস্থায় বুধবার (৮ এপ্রিল) তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে রোমানিয়ান ফুটবল ফেডারেশন (এফআরএফ)।
৪৭ বছরের দীর্ঘ কোচিং ক্যারিয়ারে লুসেস্কু ইউরোপের অনেক বড় বড় সব ক্লাবে কোচিং করিয়েছেন। ইন্টার মিলান, গালাতাসারে, বেসিকতাস, শাখতার দোনেৎস্ক ও ডায়নামো কিয়েভের মতো ক্লাবগুলোতে কোচিং করিয়েছিলেন; ছিলেন রবার্তো ব্যাজিও, আন্দ্রে পিরলো, রোনালদোর মতো খেলোয়াড়দের কোচ।
গালাতাসারের হয়ে উয়েফা সুপার কাপ জয় এবং শাখতারের হয়ে উয়েফা কাপ জয় তার ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন। তুরস্ক ও রোমানিয়া জাতীয় দলকেও কোচিং করিয়েছেন।
খেলোয়াড় হিসেবে লুসেস্কু ১৯৭০ বিশ্বকাপ খেলেন এবং রোমানিয়াকে নেতৃত্ব দেন। কোচ হিসেবে ১৯৮৪ সালে দেশটিকে প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপের মূল পর্বে নিয়ে যান।
দীর্ঘ বিরতির পর ২০২৪ সালে তাকে দ্বিতীয় দফায় জাতীয় দলের দায়িত্ব দেয়া হয়। গত ২৬ মার্চ তুরস্কের বিপক্ষে বিশ্বকাপ প্লে-অফ ম্যাচটিই ছিল লুসেস্কুর অন্তিম ডাগআউট উপস্থিতি।
/এএম