এফএ কাপের শেষ চারের ড্র অনুষ্ঠিত, ম্যানসিটি-চেলসির প্রতিপক্ষ কারা?
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ১০:৪৫ এএম
২০২৫-২৬ মৌসুমের এফএ কাপ সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ এপ্রিল) লন্ডন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় শেষ চারের এই দুই ম্যাচের ড্র। এতে আলাদা আলাদা প্রতিপক্ষ পেয়েছে দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও চেলসি। যদিও একাধিক ইংলিশ গণমাধ্যমে বলা হচ্ছে পাতানো ড্র'য়ের কথা।
মূলত, শিরোপার অন্যতম ফেবারিট হিসেবে শুরুর পরও যে দলটি এবার প্রিমিয়ার লিগেই নেই, সেই সাউদাম্পটনের কাছে হেরে এবারের আসরে শিরোপার স্বপ্নভঙ্গ হয় গানারদের। কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিদায়ে এফএ কাপের ট্রফির রেসে টিকে আছে মাত্র চার দল।
সেমিফাইনালের চূড়ান্ত লাইনআপে আসরজুড়ে চমক দেখানো সাউদাম্পটনের সামনে প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে ছন্দে থাকা ম্যানচেস্টার সিটি। ২৫ এপ্রিল লন্ডনের ওয়েম্বলিতে মুখোমুখি হবে দু'দল। শেষ চারের লড়াইয়ে পরদিন লিডস ইউনাইটেডের বিপক্ষে লড়বে চেলসি। যদিও এই ড্র নিয়ে ইংলিশ একাধিক গণমাধ্যমে এসেছে পাতানোর অভিযোগ; চেলসি ও সিটিকে ফাইনালে নিতে এমনটা করা হয়েছে দাবি সমর্থকদের।প্রতিযোগিতায় সাউদাম্পটনের একমাত্র শিরোপা ১৯৭৬ সালে। লম্বা সময় পর এবার প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা শক্তিশালী আর্সেনালকে হারিয়ে শেষ চারের টিকেট পায় দলটি। ফাইনালে যেতে তাদের হারাতে হবে প্রতিযোগিতার সাতবারের চ্যাম্পিয়ন সিটিকে।
অপরদিকে, লিডস ইউনাইটেডও মাত্র একবারই স্বাদ পেয়েছে এই শিরোপার। ১৯৭২ সালের পর আর এফএ কাপের ট্রফি ছোয়া হয়নি দলটার। এমনকি লিডস শেষবার সেমিফাইনালে খেলেছে ১৯৮৭ সালে। তাদের প্রতিপক্ষ চেলসি এখন পর্যন্ত আটবার এফএ কাপের শিরোপা ঘরে তুলেছে। সবশেষ ফাইনালে ২০১৮ সালে ম্যানইউকে হারায় তারা।
উল্লেখ্য, আগামী ১৬ মে অনুষ্ঠিত হবে এফএ কাপের এবারের মৌসুমের মেগা ফাইনাল। প্রতিবারের মতো এবারও শিরোপা নির্ধারণী ম্যাচ গড়াবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে।
/এমএইচআর