চাইনিজ তাইপেকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা
এশিয়ান গেমস হকি বাছাই
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পিএম
জয় দিয়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু করেছে বাংলাদেশ। রোমাঞ্চকর এক লড়াইয়ে চাইনিজ তাইপেকে ৪-৩ গোল ব্যবধানে হারিয়ে পূর্ণ পয়েন্ট আদায় করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ব্যাংককের রয়্যাল থাই এয়ারফোর্স মাঠে ম্যাচের শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ।
ম্যাচের ১৫তম মিনিটে আশরাফুল ইসলামের হাত ধরে সমতায় ফেরে দল। এরপর ২২ মিনিটে আবারো আশরাফুলের পেনাল্টি কর্নার এবং তৃতীয় কোয়ার্টারে আমিরুল ইসলামের লক্ষ্যভেদে চালকের আসনে বসে লাল-সবুজরা।
ম্যাচের শেষ মুহূর্তে দ্বীন ইসলাম ব্যবধান ৪-১ করলেও, নাটকীয়ভাবে দুই গোল শোধ দিয়ে লড়াই জমিয়ে তোলে তাইপে। তবে শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের ঘামঝরানো জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এ নিয়ে চায়নিজ তাইপের বিপক্ষে টানা চার জয়ের রেকর্ড ধরে রাখলো লাল-সবুজরা।
/এমএইচআর