আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ইমতিয়াজ ও মোস্তাফিজুর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০৬:১৬ পিএম
আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দুই ট্রায়াথলেট মো. ইমতিয়াজ বিন ফারুক ভূঁইয়া ও মোস্তাফিজুর রহমান সফল হয়েছেন।
রোববার (৯ নভেম্বর) স্পেনের মারবেয়াতে অনুষ্ঠিত আয়রনম্যানের এই বিশ্ব আসরে মোট ৩ হাজার ৩৩৩ জন বিভিন্ন দেশের ট্রায়াথলেট অংশ নেন।
এই প্রতিযোগিতায় সাড়ে আট ঘণ্টা সময়ের মধ্যে ১ দশমিক ৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং ও ২১ দশমিক ১ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হয়। সাঁতার, সাইক্লিং ও দৌড় নিয়ে এই ট্রায়াথলনের কঠিনতম প্রতিযোগিতা হলো আয়রনম্যান। আয়রনম্যানের বৈশ্বিক কর্তৃপক্ষ বছরজুড়ে পৃথিবীর বিভিন্ন দেশে পূর্ণ ও অর্ধদূরত্বের (৭০.৩) আয়রনম্যান প্রতিযোগিতার আয়োজন করে থাকে। আয়রনম্যানের সর্বোচ্চ আসর হলো বিশ্ব চ্যাম্পিয়নশিপ।
মো. ইমতিয়াজ বিন ফারুক ভূঁইয়া ৭ ঘণ্টা ৩০ মিনিট ৫০ সেকেন্ড সময় নিয়ে আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ সম্পন্ন করেন। তার বয়স গ্রুপে (৩৫–৩৯ বছর) ৪৯০তম স্থান অধিকার করেছেন তিনি।
মোস্তাফিজুর রহমান ৮ ঘণ্টা ৬ মিনিট ১০ সেকেন্ড সময় নিয়ে আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ সম্পন্ন করেন। তার বয়স গ্রুপে (৩৫-৩৯ বছর) ৪৯৩তম স্থান পেয়েছেন তিনি। বাংলাদেশের দুজনই গত মে মাসে অনুষ্ঠিত আয়রনম্যান ৭০.৩ মালয়েশিয়া থেকে স্পেনের এই বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন।
আজকের আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে বেলজিয়ামের জেলি জিনস, নরওয়ের ক্রিস্টিয়ান ব্লুমেনফিল্ট ও ক্রেসপার স্টর্নারস।
স্পেনের মারবেয়াতেই শনিবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে নারীদের আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের নারী ট্রায়াথলেট ফেরদৌসি আক্তার মারিয়া এতে অংশ নিয়েছিলেন। কিন্তু ৬০০ মিটার সাঁতার কাটার পর ঠান্ডা পানিতে তার মাংসপেশিতে টান লাগে। এরপর তাকে হাসপাতালে নেয়া হয়। মারিয়াও আয়রনম্যান ৭০.৩ মালয়েশিয়াতে সফল হয়েছিলেন।
/এএম