×
Logo

গবেষণা

ফিলিস্তিনে ২ হাজার বছরের পুরোনো ৩টি সমাধির সন্ধান পেলেন প্রত্নতত্ত্ববিদরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৬:০০ পিএম

ফিলিস্তিনে ২ হাজার বছরের পুরোনো ৩টি সমাধির সন্ধান পেলেন প্রত্নতত্ত্ববিদরা

ফিলিস্তিনের জেরিকো শহরের কাছে প্রায় ২ হাজার বছর আগের তিনটি বিশাল সমাধির সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় টেম্পল যুগের শেষদিকে, জেরুজালেমের বিত্তশালী ও অভিজাত পরিবারগুলোর সদস্যদের সমাহিত করা হয়েছিল এসব সমাধিতে। আবিষ্কারটি ওই সময়ের প্রভাবশালী পরিবারগুলোর জীবনযাপন, সামাজিক অবস্থান ও শেষকৃত্যের রীতিনীতি সম্পর্কে নতুন তথ্য জানার সুযোগ তৈরি করেছে।

ফিলিস্তিনের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয় এবং ইতালির রোমভিত্তিক সাপিয়েঞ্জা বিশ্ববিদ্যালয়ের একটি প্রত্নতাত্ত্বিক দলের যৌথ উদ্যোগে এ আবিষ্কার হয়েছে। ১৯৯৭ সাল থেকে ওই এলাকায় খননকাজ চালিয়ে আসছে বিশ্ববিদ্যালয়টির প্রত্নতাত্ত্বিক মিশন।

গত সপ্তাহে, প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে, সাপিয়েঞ্জা বিশ্ববিদ্যালয় জানায়, প্রথম শতাব্দীর ইহুদি ইতিহাসবিদ ফ্লাভিয়াস জোসেফাসের লেখায় উঠে আসা প্রভাবশালী পরিবারগুলোর ইতিহাস সম্পর্কে আরও জানার সুযোগ তৈরি করতে পারে এ আবিষ্কার। সমাধিগুলোর বিশাল আকার, সেখানে সমাহিত মানুষের সংখ্যা এবং উদ্ধার হওয়া প্রত্নবস্তু থেকে ধারণা করা হচ্ছে, এগুলো জেরুজালেমের অভিজাত শ্রেণির সদস্যদের সমাধিস্থল ছিল।

প্রত্নতাত্ত্বিকদের ধারণা, সমাধিগুলো খ্রিষ্টপূর্ব প্রথম শতাব্দী থেকে খ্রিষ্টীয় প্রথম শতাব্দীর মধ্যবর্তী সময়ে নির্মিত। জেরিকোর প্রাচীন নগরী টেল এস-সুলতানের কয়েকশ' মিটার উত্তর-পশ্চিমে, খিরবেত থানিয়াহ এলাকায়, এগুলোর সন্ধান পাওয়া গেছে। মাউন্ট অব টেম্পটেশনের পাদদেশে চুনাপাথরের একটি পাহাড়ি খাড়া অংশে অবস্থিত প্রত্নস্থলটি ২০২৩ সালে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পায়।

বিশ্ববিদ্যালয়টির তথ্য অনুযায়ী, দ্বিতীয় টেম্পল যুগে, জেরুজালেমের পর জুদেয়া অঞ্চলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর ছিল জেরিকো। হাসমোনীয় শাসকরা এবং পরবর্তী সময়ে রাজা হেরোদ দ্য গ্রেট সেখানে শীতকালীন প্রাসাদ নির্মাণ করেছিলেন। এছাড়া জেরুজালেমের বিত্তশালী পরিবারগুলোর আশপাশের এলাকায় খেজুর ও বালসাম গাছের বিস্তীর্ণ বাগান ও জমি ছিল। এসব পরিবারের কেউ কেউ জেরিকোকেই নিজেদের সমাধিস্থল হিসেবে বেছে নিয়েছিলেন।

/এআই

Logo