কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ৩০ নভেম্বর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের কিশোরগঞ্জ-৩ (১৬৪) আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী হতে আগ্রহীদের মনোনয়ন ফরম সংগ্রহের সময়সূচি জানিয়েছে বিএনপি। আগামী ৩০ নভেম্বর সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে।
শনিবার (২৮ নভেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংশোধনী প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মনোনয়নপ্রত্যাশীদের নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলা থেকে নির্ধারিত সময়ে ফরম উত্তোলন করতে হবে। আর আগামী ২ ডিসেম্বর বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একই স্থানে মনোনয়ন ফরম জমা নেওয়া হবে।
উল্লেখ্য, বুধবার (২৫ নভেম্বর) কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে এই উপনির্বাচন।
এর আগে, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ই-মেইলে আবেদন করে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন ৮৬ বছর বয়সী ওসমান ফারুক। ১৫ নভেম্বর তার আবেদন পাওয়ার পর ১৭ নভেম্বর বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জাতীয় সংসদে পদত্যাগের বিষয়টি জানিয়ে আসনটি শূন্য ঘোষণা করেন।
/এনএ