সংস্কার না হলে বিরিয়ানি খেলেও আলোচনায় সমাধান আসবে না: এমপি মাসুদ
রংপুর ব্যুরো
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০২:২৮ পিএম
চা খাওয়ার মধ্য দিয়ে দেশে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী ঐক্যের আলোচনার দ্বার উম্মুক্ত হয়েছে। তবে জুলাই সনদ, গণভোট ও মৌলিক সংস্কার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিরিয়ানি খেলেও এর সমাধান হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুর মডেল কলেজে ছাত্রশিবিরের সাবেক সদস্যদের শিক্ষা শিবির অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
দেশের চলমান পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার চা খাওয়া প্রসঙ্গে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমাদের মতের ভিন্নতা থাকতে পারে, চিন্তার পার্থক্য থাকতে পারে। কিন্তু দেশ ও জাতির প্রয়োজনে আমাদের কোনো কোনো ক্ষেত্রে আবার এক হয়ে কাজও করতে হবে। চলমান সংকট যদি আরও ঘনীভূত হয়, তাহলে জাতিগতভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে থাকতে হবে, বিশেষ করে ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার এই চা খাওয়ার মধ্য দিয়ে এটা শুরু হয়েছে। এটা পরবর্তীতে আলোচনা হবে এবং সেই আলোচনায় অবশ্যই গণভোট, জুলাই সনদ, আওয়ামী লীগের নিষেধাজ্ঞার পাশাপাশি তাদের দলীয় এবং এর সাথে সংশ্লিষ্ট যারা অপরাধী, তাদের গণহত্যার সাথে সংশ্লিষ্ট যারা, তাদের বিচার এবং গণঅভ্যুত্থানের মূল প্রতিপাদ্য মৌলিক সংস্কার— এই চার মৌলিক বিষয়ে সমাধান না হওয়া ছাড়া শুধু চা খাওয়া না, বিরিয়ানি খেয়েও এটা সমাধান হবে না। অর্থাৎ এই ঐক্যের সেতুবন্ধন হবে— গণভোট, জুলাই সনদ, বিচার ও সংস্কারের কার্যক্রম শুরু করা।
দেশের চলমান পরিস্থিতি উদ্বেগজনক উল্লেখ করে জামায়াতের এ সংসদ সদস্য বলেন, একটা রাষ্ট্র আছে, কিন্তু রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর ল অ্যান্ড অর্ডার যে এনফোর্স করার দরকার, সেই জায়গাটা নিষ্ক্রিয়। সেটা ব্যর্থ হয়েছে, এটা ঠিক। যে একটা জেলা, এটা তো এ দেশেরই একটা অংশ। সেরকম একটা জায়গায় দুইটা থানাকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে, পুলিশ সেখান থেকে চলে এসেছে। এই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর যে ভূমিকা থাকা দরকার ছিল, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে।
স্থানীয় নির্বাচনে এনসিপির একক প্রার্থিতা দেওয়ার ঘোষণায় ১১ দলীয় ঐক্যে কোনো ফাটল দেখা দিলো কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে শফিকুল ইসলাম মাসুদ বলেন, স্থানীয় নির্বাচন তো সব সময় নির্দলীয়। সেহেতু জোট বা এটার তো প্রশ্ন আসে না। সেই জায়গায় আমরা মনে করি যে প্রত্যেক দল তার নিজস্ব সক্ষমতা বৃদ্ধি, নিজস্ব জনপ্রতিনিধিত্ব তৈরি করার এটা একটা সুযোগ। জামায়াতে ইসলামী মনে করে জোট জোটের জায়গায় তার কর্মসূচি পালন করবে। আর স্থানীয় নির্বাচনে যার যার জায়গায় সে তার প্রতিনিধি ঠিক করবে এবং জনগণের কাছে যাবে, তার কথা বলবে। জনগণ যাকে গ্রহণ করবে, সে নির্বাচিত হয়ে আসবে। সে জায়গায় আমাদের কোনো আপত্তি নাই।
/এমএন