×
Logo

রাজনীতি

শেখ হাসিনা এখন লাশের অপেক্ষায় আছেন: সোহেল তাজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পিএম

শেখ হাসিনা এখন লাশের অপেক্ষায় আছেন: সোহেল তাজ

চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন লাশের অপেক্ষায় আছেন বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি অভিযোগ করেছেন, দেশে অরাজকতা ও তাণ্ডব সৃষ্টির মাধ্যমে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে উসকানিমূলক কর্মসূচি দেওয়া হচ্ছে। এসব কর্মসূচিতে হতাহতের ঘটনা ঘটলে তা রাজনৈতিকভাবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে বলেও দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে সোহেল তাজ লেখেন, পলাতক স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী তার প্রায় দেড় দশকের শাসনামলে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন, নিপীড়ন, গুম ও খুন, সাধারণ মানুষের ভোটাধিকার হরণ, গণতন্ত্রকে কবর দেওয়া, লুটপাট এবং গণহত্যার মাধ্যমে দেশকে ধ্বংস করা করেছেন।

পোস্টে তিনি আরও লেখেন, ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে গিয়ে এখন ওপারে বসে দেশে ফেরার নামে আওয়ামী লীগ দলটাকে একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত করে দেশে অরাজকতা ও তাণ্ডব সৃষ্টি করছেন, যাতে তিনি দেশে ফিরে প্রতিশোধ নিতে পারেন।

সোহেল তাজ লেখেন, উনি সম্প্রতি বলেছেন, তার মতো করে কেউ আন্দোলন তৈরি করতে পারে না। আর সেই আন্দোলনের বড় একটি উপাদান হচ্ছে ‘লাশ’। তার দাবি, সাবেক প্রধানমন্ত্রী নিজের দলের নেতাকর্মীদের লাশ চান এবং এ কারণেই উসকানিমূলক কর্মসূচি দেওয়া হচ্ছে, যাতে হতাহতের ঘটনা ঘটে। নিজের দলের কেউ নিহত হলে সেই ঘটনাকে ব্যবহার করে আরও অরাজকতা সৃষ্টি এবং সরকার পতনের পরিকল্পনা রয়েছে বলেও পোস্টে দাবি করেন তিনি।

পোস্টের শেষাংশে সাবেক প্রধানমন্ত্রীকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা দিয়ে সোহেল তাজ লেখেন, নিজেই গণহত্যা চালিয়ে এখন নিজেকে ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করে বড় গলায় কথা বলা— এটাই এমন ব্যক্তির চরিত্র।

/এনএ 

Logo