×
Logo

রাজনীতি

আওয়ামী লীগের নাশকতায় নীরবতা কেন— প্রশ্নে যা বলল জামায়াত

ফয়সাল মাহমুদ

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১১:০২ এএম

আওয়ামী লীগের নাশকতায় নীরবতা কেন— প্রশ্নে যা বলল জামায়াত

ওপার থেকে দণ্ডিত শেখ হাসিনার ফেরার ঘোষণা, আর এপারে তার দলের কর্মীদের সহিংস শোডাউন ও নাশকতা। গোপালগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয়-বাড়িঘর ভাঙচুর-আগুনের শিকার। প্রকাশ্যে বিএনপি নেতাদের মারধরের ঘটনাও আছে। এদিকে, প্রতিনিয়ত হত্যা আর হামলার হুমকি পাচ্ছেন জুলাই আন্দোলনের সম্মুখসারির এনসিপি নেতারা। 

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সরকারের পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিতে যাচ্ছে বিএনপি। এনসিপিও ডাক দিয়েছে প্রতিহতের। কিন্তু জামায়াতের নেই কোনো দৃশ্যমান পদক্ষেপ বা রাজনৈতিক অবস্থান। কেন?

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, দৃশ্যমান কিছু করবো, সরকার তো সে সুযোগটা দিচ্ছে না। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, বিচার দৃশ্যমান হলে ঐক্যের ভিত্তি তৈরি হতো। 

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সরকারের কাজ উল্লেখ করে সরকার সহযোগিতা চাইলে বা ব্যর্থ হলে জাতীয় স্বার্থে মাঠে থাকবে জামায়াত, এ কথাও বলেন তিনি।

ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ আরও বলেন, বিষয়গুলো শুরু থেকে কঠোর হস্তে দমন করে নাই। তাদের চরম ব্যর্থতা এখানে আছে। এই ব্যর্থতার দায় এখন পুরো জাতিকে নিতে হচ্ছে। সরকার এ জায়গায় নীরব ভূমিকা পালন করছে অনেকটা। ফোর্স মোতায়েন করে যে ধরনের পদক্ষে নেওয়া দরকার ছিল, এক্ষেত্রে সরকার যথেষ্ট পদক্ষেপ নিয়েছে বলে দৃশ্যমান নয়। 

আওয়ামী লীগ প্রশ্নে জামায়াতের অবস্থান অস্পষ্ট, এমন অভিযোগ অনেক বিএনপি নেতার। তলে তলে আঁতাতের প্রশ্নও তোলা হয়। জামায়াতের দাবি, সরকারই বরং আঁতাত করেছে পতিতদের সাথে। 

ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, সরকার বরং দায় এড়ানোর জন্য উল্টো জামায়াতের দিকে আঙ্গুল তোলে। এই আওয়ামী লীগের হাতে আমাদের পাঁচজন নেতার ফাঁসি হয়েছে, অসংখ্য নেতা জেলবন্দী হয়ে মারা গেছে। হামলা-মামলার শিকার হয়েছে। আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছে। সেই দল আওয়ামী লীগের সাথে জামায়াত আঁতাত করবে, এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়।

দলটির মহানগরের নেতাদের প্রতি কী নির্দেশনা, তাদের প্রস্তুতিই বা কেমন? ঢাকা উত্তর-দক্ষিণের নেতারা জানান, যেকোনো সন্ত্রাসের বিরুদ্ধে সজাগ আছে ওয়ার্ড ও শাখা কমিটিগুলো। 

ঢাকা মহানগর জামায়াতের উত্তরের মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আমাদের সকল শাখাকে বলা আছে, কোথাও যদি কোনো ফ্যাসিবাদী চক্র রাষ্ট্র, আইনি কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে, তাকে আমরা মোটেও কোনো ছাড় দিবো না। সরকার ব্যর্থ হলে জনগণের নিরাপত্তার প্রশ্নে জামায়াত কোনো আপোষ করবে না।

ঢাকা মহানগর জামায়াতের দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, যখন আমরা দেখব যে সরকারের আর কোনো গতি-উপায় নাই বা তারা পারছেন না; তখন আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনে জামায়াত আমির ডা. শফিকুর রহমান যে কথা বলেছেন, প্রয়োজনে সে কর্মসূচি নিবো।

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সহিংসতা ও নাশকতা প্রশ্নে ঐকমত্য জরুরি। যদিও সেই ঐক্য প্রশ্নে দলটির এখনো শর্ত; গণভোটের রায় বাস্তবায়ন।

/এমএন

Logo