সাত নভেম্বরের র্যালি দিয়ে কী বার্তা দিল বিএনপি?
তানভীর মৌসুম
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম
ভিন্ন এক বিকেল ছিল গত শনিবারের ঢাকা। মিছিল আর স্লোগানে ৭ নভেম্বর বিপ্লবের নায়ক জিয়াউর রহমানকে স্মরণ করেন বিএনপির নেতাকর্মীরা। নয়াপল্টন থেকে জিয়া উদ্যানের প্রায় ৭ কিলোমটার মিছিলে নেতৃত্বে ছিলেন স্বয়ং দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলটির নেতারা বলছেন, এটা তাদের কেবল উজ্জীবিতই করেননি, বরং একাত্ম করেছিল সাধারণ জনগণকেও।
বিশাল এই শোভাযাত্রা নিয়ে রাজনীতির মহলে নানা আলোচনা। নেতাকর্মীদের এই ব্যাপক জমায়েতে কী বার্তা দিল বিএনপি? নেতারা বলছেন, শোভাযাত্রায় জনগণকে সাথে নিয়ে গণতন্ত্র উদযাপনই ছিল মুখ্য। গুরুত্ব পায়নি প্রতিপক্ষ কিংবা বিরোধী দলকে বার্তা দেওয়ার প্রসঙ্গ।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, আমরা একটি বার্তা দিতে চাই যে, বিএনপি সংগঠিত আছে। বিএনপি দেশের স্বার্থে, মানুষের স্বার্থে... বাংলাদেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব রক্ষায় বিএনপি প্রস্তুত আছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, ৭ নভেম্বর নিজেই একটা বার্তা। কারণ, ৭ নভেম্বর বাংলাদেশের গণতন্ত্র মুক্তি পেয়েছে। জনগণের প্রধানমন্ত্রী জনগণের সাথে থেকে রাজপথে ছিল। জনগণ যদি আমাদের সাথে মিছিল করে, তাহলে সেই মিছিল দেখে কেউ যদি ভয় পায়, বা কারো কোনো মেসেজ আসে আমাদের কিছু করার নেই। আমরা কোনো প্রতিপক্ষকে দেখানোর জন্য কোনো প্রোগ্রাম করি না।
ডিসেম্বরে দণ্ডিত শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, আবার সেই মাসেই আছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী নিয়ে বিএনপির কর্মসূচি। তবে কি সংঘাতময় হয়ে উঠতে পারে রাজনীতি?
এস এম জাহাঙ্গীর হোসেন বললেন, হাসিনা কি করলো না করলো, তাকে নিয়ে চিন্তা করছি না। সর্বোপরি আমরা জনকল্যাণে কী কাজগুলো করছি, সেটাই আমাদের বিবেচ্য বিষয়। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, তাদের কিছু দুর্বৃত্ত এখনো আছে। তারা এই সমস্ত দুর্বত্তপরায়ণতা করবে, এটাই স্বাভাবিক। অপরাধীদের দৌরাত্ম্য বেশিদিন থাকতে পারে না এবং সেটা পারবে না, রাষ্ট্র সেজন্য ভিত না। রাষ্ট্র রাষ্ট্রের কাজ করে যাচ্ছে।
তানভীর আহমেদ রবিন বলেন, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর থেকে স্ট্যান্ডবাজি ছাড়া আর কোনো কিছুই করে নাই। হাইপ তোলার চেষ্টা হচ্ছে, শেখ হাসিনা দেশে ফিরবেন, দেখেন উনি যখন দেশে ফিরবেন দেশের আইন ব্যবস্থা নেবে। বুদ্ধিজীবী দিবস আছে, বিজয় দিবস আছে, ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন। ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী, সেগুলো পালন করার জন্য আমরা আমাদের প্রস্তুতি গ্রহণ করছি।
মাঠ পর্যায়ের নেতাদের যখন এমন মনোভাব, ক্ষমতাসীন দলটির শীর্ষ নেতাদের দাবি— আইনের শাসন প্রতিষ্ঠা করা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো কর্মকাণ্ড রুখে দেবে জনগণ।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নিষিদ্ধ দল নিষিদ্ধ কার্যক্রম যেমন করে, তারা সে রকম করছে। এটাতে জনগণের কোনো ইফেক্ট নাই। বরং সরকার এ ব্যাপারে তার প্রশাসন দিয়ে যথাযথ ভূমিকা রাখবে।
দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর ক্ষমতায় এসেছে বিএনপি। তাই নিজেদের আরও বেশি জনসম্পৃক্ত করার দিকেই মনোযোগ নেতাদের।
/এমএন