দেশের সরকার ব্যবস্থার অস্তিত্ব নিয়ে প্রশ্ন জামায়াত আমিরের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৭ এএম
দেশের সরকার ব্যবস্থার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৭ নভেম্বর) নিজের ভ্যারিফায়েড ফেসবুক একাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে? রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এটা দেখার এই দেশে কেউ কি নেই?
তিনি আরও বলেন, হলের সিট পুনর্বহাল, আবাসন সংকট নিরসন ও প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের মতো যৌক্তিক দাবিতে আন্দোলনরত ছাত্রীদের সঙ্গে আলোচনা না করে পুলিশ দিয়ে বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশ প্রবেশ করে লাঠিচার্জ করার ঘটনা আরও উদ্বেগজনক। সরকার বলে কি আসলেই কোন ব্যবস্থা দেশে আছে?
অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণ করার আহ্বানও জানান তিনি।
/এসআর