ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের বৈঠকের তথ্য জামায়াতকে দিতে রাজি আছি: রাশেদ খাঁন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পিএম
ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সাথে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বৈঠকের তথ্য জামায়াতকে দিতে রাজি আছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
বুধবার (২৮ অক্টোবর) নিজ ভ্যারিফায়েড ফেসবুক একাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
পোস্টে তিনি বলেন, জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সাথে বৈঠক করেছে কি করে নাই, এটি তদন্ত করার জন্য জামায়াতে ইসলামির উচিত একটি তদন্ত কমিটি গঠন করা। সেই তদন্ত কমিটি যদি তথ্যের স্বার্থে আমার সাথে বসে, আমি তাদের তথ্য সরবরাহ করতে রাজি আছি। অথবা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানসহ শীর্ষ নেতারা যদি চায়, আমি তাদের কাছে তথ্য প্রমাণ সরবরাহ করতে রাজি আছি।
এই বৈঠকের তথ্য রাষ্ট্রীয় পর্যায়ে ও সাংবাদিক মহলের অনেকে জানে উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামী বা ঐ দলের কোনো নেতা যেকারও সাথে বৈঠক করতে পারে। কিন্তু বৈঠকের জন্য বারবার গাড়ি পরিবর্তন করা এবং বৈঠকের বিষয়ে তথ্য গোপন করার মধ্যে সন্দেহ ও ঘাপলা আছে। আমার বক্তব্যের মূল বার্তা ছিলো এটি যে, কেনো তারা তথ্য লুকাচ্ছে? এজন্যই আমি বিষয়টি জনপরিসরে এনেছি। এতে নাকি তাদের মানহানি হয়েছে।
বিষয়টি প্রতিকারের জন্য মামলা দায়েরের কথা উল্লেখ করে তিনি বলেন, তারা (মামলা) সেটিও করবে না, করবে শুধু গলাবাজি আর গালমন্দ।
/এসআর