ভেঙে দেওয়া হলো জামায়াতের কুমিল্লা মহানগর কমিটি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পিএম
কুমিল্লায় জামায়াতে ইসলামীর মহানগর কার্যালয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনার দুই দিনের মাথায় কুমিল্লা মহানগরী জামায়াতের সংগঠন ও ইমারাত ভেঙে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার (১৬ অক্টোবর) দলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ১৬ নং ধারার ৩ নং উপধারার 'চ' অনুচ্ছেদ অনুসরণ করে ৬৩ নং ধারার ক্ষমতাবলে কুমিল্লা মহানগরী জামায়াতের সংগঠন ও ইমারাত ভেঙে দেওয়া হয়েছে। তবে এখন থেকে কেন্দ্রের তত্ত্বাবধানে কুমিল্লা মহানগরী সংগঠন পরিচালিত হবে। দায়িত্ব দেওয়া হয়েছে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমকে। কেন্দ্রীয় নেতৃত্বের অধীনে সংগঠনটির কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে পুনর্গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
আরও বলা হয়, গত ১৪ অক্টোবরের ঘটনা তদন্তে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- সংগঠনের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।
উক্ত কমিটি আগামী ১ সপ্তাহের মধ্যে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে উল্লেখ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার পর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ তা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
/এসআইএন