পূর্ণ নিরাপত্তায় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২:৩৬ এএম
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপদে ও স্বস্তিতে উৎসব উদযাপন নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
জামায়াত আমির বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ। এ দেশে দীর্ঘদিন ধরে সব সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব পালন করে আসছেন। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় এবারও তারা পূর্ণ নিরাপত্তার সঙ্গে উৎসব পালন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের সুন্দর অতীত ঐতিহ্য সমুন্নত রেখে হিন্দু সম্প্রদায়ের মানুষ এবারও যেন পূর্ণ নিরাপত্তা ও স্বস্তির সঙ্গে তাদের পূজা উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।
জামায়াত আমির আর বলেন, জাতীয় সংসদের প্রধান বিরোধীদল ও জনবান্ধব সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীও নিজস্ব অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। প্রত্যেকে যেন স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, তা নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, দেশের সচেতন নাগরিক হিসেবে জামায়াতের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা বজায় রাখবেন এবং তাদের সহযোগিতায় এগিয়ে আসবেন। এ বিষয়ে দলের পক্ষ থেকে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।
/এসআইএন