×
Logo

রাজনীতি

যেই ভূতে শেখ হাসিনাকে ধরেছিল, সেই ভূতে বিএনপিকে ধরেছে: মামুনুল হক

স্টাফ করেসপনডেন্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পিএম

যেই ভূতে শেখ হাসিনাকে ধরেছিল, সেই ভূতে বিএনপিকে ধরেছে: মামুনুল হক

যেই ভূতে শেখ হাসিনাকে ধরেছিল, ঠিক সেই ভূতেই এখন বিএনপিকে ধরেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হলে লক্ষ্মীপুর জেলা খেলাফত মজলিস আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মাওলানা মামুনুল হক বলেন, যারা কায়েমি স্বার্থবাদী, তারা কখনোই তরুণদের জেগে ওঠা নতুন নেতৃত্বকে মেনে নিতে পারে না। তাই আমি আজ খোলাখুলি বলব, বিএনপিকে ভূতে ধরেছে—সেই ভূত, যেই ভূত একসময় শেখ হাসিনাকে ধরেছিল।

রাষ্ট্রকাঠামো রূপান্তরের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, সংবিধান সংস্কারের মাধ্যমে গোটা রাষ্ট্রব্যবস্থার খোলনলচে বদল করা না গেলে বিদ্যমান ব্যবস্থায় যে দলই পাঁচ বছর ক্ষমতায় থাকবে, তারাই কালক্রমে আরেকটি হাসিনায় পরিণত হবে। কারণ বর্তমান কাঠামোতে প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা কুক্ষিগত করে রাখা হয়েছে।

জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে অভিযোগ তুলে খেলাফত মজলিসের আমির বলেন, জুলাই সনদে বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার স্পষ্ট অঙ্গীকার রয়েছে। কিন্তু কায়েমি স্বার্থ হাসিলের জন্য বিএনপি বিচার বিভাগকে স্বাধীন করতে দিচ্ছে না।

বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ্মীপুর জেলা সভাপতি মাওলানা লোকমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনটির মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, শাইখুল হাদিস আব্দুল মতিন বিন হোসাইন এবং বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজিসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।

/এএ 


Logo