চিফ হুইপ
৬ আসন পেয়ে সরকার পতনের হুমকি দেওয়া দলের মানসিকতায় পরিবর্তন জরুরি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০২:২৭ পিএম
জাতীয় সংসদে সরকার দলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, মাত্র ছয়টি আসন পেয়ে সরকার পতনের হুমকি দেওয়া রাজনৈতিক দলের মানসিকতায় পরিবর্তন আসা জরুরি। পাঁচ-ছয় মাসের সরকারকে ফেলে দিতে বিরোধী দলের লংমার্চের মতো কর্মসূচি হঠকারী সিদ্ধান্ত।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেই সাথে দাবি করেন, বিগত ১৭ বছর মানুষ ভয়ে ফোনে কথা বলার সাহস পেতো না। তবে বর্তমানে নির্ভয়ে কথা বলতে পারছে।
স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকার আগের যেকোনো সময়ের তুলনায় বেশি গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেন চিফ হুইপ। তিনি বলেন, স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দ দ্বিগুণ করা হয়েছে। গত দু'বছর হামের টিকা দেওয়া হয়নি, যার খেসারত দিতে হচ্ছে বর্তমান সরকারকে।
নূরুল ইসলাম মনি আরও বলেন, ঢাকায় বেপরোয়া রিকশা চলাচল চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে।
/এমএন