এবি পার্টি লইয়ার্স
'প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন যেন নাগরিকের কণ্ঠরোধের হাতিয়ার না হয়'
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পিএম
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন যেন কোনোভাবেই নাগরিকের স্বাধীন মত প্রকাশ ও কণ্ঠরোধের সীমাহীন হাতিয়ার না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবি পার্টি লইয়ার্স।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান।
তারা বলেন, স্বাধীনতার পর থেকে প্রতিটি সরকারই নিজেদের রাজনৈতিক স্বার্থে আইনের অপব্যবহার করে আসছে, যা নাগরিক অধিকারকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। দীর্ঘ একটি শাসনের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রস্তাবিত এ আইন যেন কোনোভাবেই বাধা তৈরি না করে।
বর্তমান খসড়া অনুযায়ী আইনটি বাস্তবায়িত হলে তা গণমাধ্যমের স্বাধীনতা হরণ করবে এবং সাংবাদিকদের স্বাধীন সংবাদ প্রকাশ ও বিরোধীদলীয় মতামতকে বাধাগ্রস্ত করবে বলে আশঙ্কা প্রকাশ করেন বক্তারা।
একতরফা কোনো আইন না চাপিয়ে, রাষ্ট্রের সব অংশীজনের মতামত নিয়ে খসড়াটি পুনর্বিবেচনা করার এবং প্রয়োজনে এ বিষয়ে সংসদে বিস্তারিত আলোচনার দাবি জানানো হয় সভা থেকে।
/এএম