×
Logo

রাজনীতি

মেজর (অব.) আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবি জামায়াতের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পিএম

মেজর (অব.) আখতারুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবি জামায়াতের

জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য (এমপি) মেজর (অব.) আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। একই সঙ্গে তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানান।

এর আগে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা, হুমকি ও বিশৃঙ্খলার অভিযোগে করা মামলায় মেজর (অব.) আক্তারুজ্জামানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, মেজর (অব.) আক্তারুজ্জামান গত ১ অক্টোবর পবিত্র ওমরা পালন শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফেরেন। বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি অন্যান্য যাত্রীর মতোই নানা ধরনের হয়রানি ও ভোগান্তির শিকার হন। এর প্রতিবাদে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের কাছে হয়রানি বন্ধের দাবি জানান।

তিনি আরও বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি ও লাগেজ নিয়ে অসদাচরণের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। পুলিশও জানিয়েছে, ঘটনার সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও অন্যান্য আলামত সংগ্রহ করে তদন্ত করা হবে।

তার দাবি, তদন্তের আগেই মেজর (অব.) আক্তারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ওই মামলায় শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি এ মামলা ও গ্রেফতারের নিন্দা জানান।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা ও হয়রানির অভিযোগ রয়েছে। যাত্রীদের অপ্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও দীর্ঘ সময় অপেক্ষায় রাখা, অসম্মানজনক আচরণ, লাগেজ নিয়ে হয়রানি, লাগেজ থেকে মূল্যবান সামগ্রী হারানোর অভিযোগ, প্রয়োজনীয় তথ্যের ঘাটতি এবং এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে ঘোরানোসহ বিভিন্ন বিষয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ রয়েছে।

বিশেষ করে নারী, অসুস্থ ও বয়স্ক যাত্রীদের অতিরিক্ত ভোগান্তির বিষয়টিও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, মেজর (অব.) আক্তারুজ্জামানসহ বিমানবন্দরে ভোগান্তির শিকার হওয়া যাত্রীদের অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এছাড়াও মেজর (অব.) আক্তারুজ্জামানকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। একই সঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ, সেবার মান নিশ্চিত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি প্রতিষ্ঠার দাবি জানান তিনি।

/এসআইএন



Logo