ফ্যাসিস্টদের ধ্বংস করা বিধ্বস্ত রাষ্ট্রকে ঘুরে দাঁড় করাতে কাজ করছে সরকার: হুইপ দুলু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পিএম
গত ১৭ বছরে ফ্যাসিস্টদের ধ্বংস করা বিধ্বস্ত রাষ্ট্রকে ঘুরে দাঁড় করাতে কাজ করছে সরকার— বর্তমান সরকারের গত ছয় মাসের সাফল্য তুলে ধরে এমন মন্তব্য করেছেন সরকারদলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে 'রাজধানীতে বর্তমান সরকারের সফলতা' শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
হুইপ বলেন, গত সরকারের সময় দেশ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়েছে এবং ব্যাংক থেকে বিপুল অর্থ লুট হয়েছে। পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারও সিদ্ধান্তহীনতায় ভুগেছে বলে দাবি করেন তিনি।
বর্তমান সরকারের সময়ে কোনো আইনবহির্ভূত হত্যা বা গুম হয়নি দাবি করে তিনি বলেন, কৃষকদের ঋণ মওকুফ, কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনেরও আশা প্রকাশ করেন তিনি।
এসময় জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের কথা জানিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরলে বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন ডিসেম্বর বাংলাদেশে আসবেন তা ক্লিয়ার করতেও বলেছেন তিনি।
/এমএইচআর