বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৫ দিনের কেন্দ্রীয় কর্মসূচির শেষ দিন আজ। কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে চলছে আলোচনা সভা। এতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৪টায় সেখানে পৌঁছান তারেক রহমান। এ সময় সড়কে অবস্থান নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাকে বরণ করে নেন।
অনুষ্ঠানের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।
‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক স্লোগানে শুরু হয় এই আলোচনা সভা। শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং দলের সাবেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিএনপির ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনীর পর শুরু হয় মূল আলোচনা পর্ব।
সভায় সঞ্চালনার দায়িত্বে রয়েছেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এতে আরও উপস্থিত রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম ও মো. ইসমাইল জবিউল্লাহ।
/এমএইচআর