বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির পদ ছাড়লেন মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০২:২৯ পিএম
বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ ছাড়লেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে দলের মনোনয়ন পাওয়ার পর সংবিধান অনুযায়ী তিনি দল থেকে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে দলীয় চেয়ারম্যান তারেক রহমান বরাবর পদত্যাগ পত্র জমা দেন তিনি। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে, দুপুর দুইটার দিকে নির্বাচন কমিশনে (ইসি) রাষ্ট্রপতি পদে লড়তে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিতে রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসিতে গেছে। বিএনপির এ প্রার্থীর প্রস্তাবক স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং ও সমর্থক হিসেবে আছেন গয়েশ্বর চন্দ্র রায়।
রাষ্ট্রপ্রধান হওয়ার লড়াইয়ে মির্জা ফখরুল আনুষ্ঠানিকভাবে লড়বেন তার এক সময়ের রাজনৈতিক সহকর্মী অলি আহমেদ বীর বিক্রমের সঙ্গে। বিএনপি ছেড়ে এলডিপি গঠন করা অলি আহমেদ এখন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গী। এই জোটই তাকে প্রার্থী করেছে। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা নির্বাচন কমিশনে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। গণমাধ্যমের খবর অনুযায়ী, বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরিবর্তে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচন করার সুযোগ তৈরি করতে তারা প্রার্থী দিয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, আজ মনোনয়নপত্র জমা দেওয়ার পর আগামী ১৬ আগস্ট মনোনয়পত্র বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ভোট হবে ২০ আগস্ট।
এবার একাধিক প্রার্থী থাকায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটাভুটির প্রয়োজন হবে। সংসদ সদস্যরা জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এই ভোটাভুটিতে অংশ নেবেন।
যদিও বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের প্রার্থীই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কথা। তাই বিএনপির মনোনীত প্রার্থীর নাম ঘোষণার সঙ্গেই কার্যত নিশ্চিত হয়ে গেছে, দেশের ২৩তম রাষ্ট্রপতি হয়ে মির্জা ফখরুলই যাচ্ছেন বঙ্গভবনে।
/এমএন