×
Logo

রাজনীতি

বঙ্গভবনে যাওয়ার লড়াই: মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন আজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১২:৪৭ পিএম

বঙ্গভবনে যাওয়ার লড়াই: মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন আজ

বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে হতে যাচ্ছেন, জাতি তার ধারণা পাবে আজ বৃহস্পতিবার। দেশের ২৩তম রাষ্ট্রপ্রধান হওয়ার লড়াইয়ে ১১ দলীয় ঐক্য আগেই জানিয়েছে, তাদের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে এসে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা অলি আহমদের পক্ষে মনোয়নপত্র জমা দিয়েছেন।

অল্প কিছুক্ষণের মধ্যেই বিএনপির প্রার্থী কে হচ্ছেন, সে ঘোষণাও আসতে যাচ্ছে। দুপুর একটার পর দলটির প্রার্থীর মনোনয়নপত্র ইসিতে জমা দেওয়ার কথা। তার আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের শীর্ষ নেতাদের সঙ্গে বসেছেন। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হতে যাচ্ছে।

রাষ্ট্রপতি পদে দলটির মনোনীত প্রার্থী হিসেবে জোর আলোচনায় রয়েছেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সচিবালয়েও গুঞ্জন রয়েছে আজ মির্জা ফখরুল মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে পারেন।

এখন মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে নাকি প্রধানমন্ত্রী তারেক রহমান চমক দেখাবেন তা একটু পরই জানা যাবে।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, আজ মনোনয়নপত্র জমা দেওয়ার পর আগামী ১৬ আগস্ট মনোনয়পত্র বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ভোট হবে ২০ আগস্ট।

এবার একাধিক প্রার্থী থাকায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটাভুটির প্রয়োজন হবে। সংসদ সদস্যরা জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এই ভোটাভুটিতে অংশ নেবেন।

যদিও বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের প্রার্থীই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কথা। ফলে বিএনপির মনোনীত প্রার্থীর নাম ঘোষণার সঙ্গেই কার্যত নিশ্চিত হয়ে যাবে, দেশের ২৩তম রাষ্ট্রপতি হয়ে কে যাচ্ছেন বঙ্গভবনে।

গণমাধ্যমের খবর অনুযায়ী, বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরিবর্তে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচন করার সুযোগ তৈরি করতে তারা প্রার্থী দিয়েছে।

/এমএন

Logo