×
Logo

রাজনীতি

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী কে? বৃহস্পতিবার দুপুরে ঘোষণা আসছে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৮:৩২ পিএম

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী কে? বৃহস্পতিবার দুপুরে ঘোষণা আসছে

আগামীকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকের পর রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

এর আগে, গত ১০ আগস্ট বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মনোনয়নের দায়িত্ব তারেক রহমানকে দেওয়া হয়। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের সেই সিদ্ধান্তের কথা জানান।

রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম প্রায় নিশ্চিত বলে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা রয়েছে। যদিও আজ বুধবার পর্যন্ত দলীয়ভাবে তার নাম নিশ্চিত করা হয়নি।

অপরদিকে, জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ইতোমধ্যে রাষ্ট্রপতি পদে তাদের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদের নাম ঘোষণা করেছে।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, কাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার দিন। ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ভোট হবে ২০ আগস্ট।

/এমএন

Logo