শিবিরকে বিদায় বললেন সাদিক কায়েম, মেয়র পদে লড়ার সিদ্ধান্ত চূড়ান্ত?
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৫:১০ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম ইসলামী ছাত্রশিবির থেকে বিদায় নিয়েছেন। বিদায় নেওয়ার আগে তিনি ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ছিলেন।
সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে সাদিক কায়েম নিজেই তার ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
ফেসবুক পোস্টের শুরুতেই তিনি লিখেন, 'বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, আমার আবেগ আর ভালোবাসার প্রিয় সংগঠন! দেখতে দেখতে দীর্ঘ এক সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটলো। সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির থেকে আজ আমার আনুষ্ঠানিক ছুটি হয়েছে।'
এর আগে গত পহেলা মে ঢাকার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে (আইডিইবি)ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। ঘোষণার সময় সাদিক কায়েম নিজেও সম্মেলনে উপস্থিত ছিলেন।
এরপর থেকে প্রশ্ন উঠছিল ছাত্রশিবিরে থেকেই তার নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে। এছাড়া, ১১ দলীয় ঐক্যের শরিক দল জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) দলের মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদকে ডিএসসিসি মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে। এ নিয়ে প্রশ্ন আরও জোরালো হচ্ছিল, আসিফ মাহমুদকে ছাড় না দিয়ে জামায়াত কি একলা পথে হাঁটবে সিটি নির্বাচনে?
যদিও এনসিপি বলে আসছে, স্থানীয় নির্বাচনে তারা এককভাবে প্রস্তুতি নিচ্ছে। জোটগত সিদ্ধান্ত হলে তা নির্বাচনের আগে হতে পারে।
এর মধ্যে শিবিরকে বিদায় বলায় সাদিককে কায়েমের প্রার্থী হওয়ার বিষয়ে চূড়ান্ত ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপির আসিফ মাহমুদকে সমর্থনের বদলে নিজেদের বড় ট্রাম্প কার্ড সাদিক কায়েমকে প্রার্থী করে জামায়াত ভোটের মাঠে বড় বার্তা দিতে চাচ্ছে। সাদিক কায়েমের প্রার্থিতা নিয়ে কোনো প্রশ্ন বা সন্দেহ থাকলে শিবির থেকে বিদায় নিতেন না তিনি। প্রার্থিতা হওয়া নিয়ে সবকিছু নিশ্চিত হয়েছে বলেই শিবির থেকে তার সরে দাঁড়ানো।
/এমএন