নামকাওয়াস্তে জুলাই পালন করলে হবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, জুলাইয়ের আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো পাওয়া সম্ভব হয়নি। জুলাইয়ে আহত ও নিহতরা এখনো ন্যায়বিচার পায়নি। এই সরকার আসার পর থেকে মাত্র দুইটি মামলার রায় পেয়েছি। বিচারকাজে ধীরগতি দেখা যাচ্ছে।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষ্যে এনসিপির ৩৬ দিনের কর্মসূচির প্রথম দিনে ঘোষণা অনুযায়ী বুধবার (১ জুলাই) সকালে দলটির নেতারা ঢাকার রায়েরবাজারে জুলাই আন্দোলনে নিহতদের গণকবর জিয়ারত করেন। এরপর নাহিদ ইসলাম এসব কথা বলেন।
জুলাই আন্দোলনের নিহতদের কবরস্থানগুলো যেন সংরক্ষণ করা হয় সেই তাগিদ দেন তিনি। জানান, আজ থেকে আগামী পাঁচ আগস্ট পর্যন্ত, ৩৬ দিন সারাদেশে 'জুলাই' নিয়ে এনসিপির কার্যক্রম থাকবে।
নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই যোদ্ধাদের পুনর্বাসন যেন করা হয়। জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র কাঠামো সংস্কার করতে হবে। জুলাই জাদুঘর খুলে দিতে হবে। ৫ আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দেওয়া না হলে জনগণই সেটা খুলে দেবে। সরকারকে প্রমাণ করতে হবে তারা জুলাইয়ের পক্ষে।
মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দেওয়া কারাদণ্ড নিয়েও কথা বলেন এনসিপি আহ্বায়ক। তার মতে, ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া যথেষ্ট না। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে আশা করছেন তিনি।
সরকার ও ট্রাইবুনাল যেন জুলাই আন্দোলন সংক্রান্ত মামলার বিচার দ্রুত শেষ করে এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করে, সেই কথাও বললেন নাহিদ ইসলাম।
/এমএন