বলের চেয়ে প্রমাণ, প্রতিক্রিয়ার চেয়ে প্রজ্ঞা— নয়া পুলিশি সংস্কৃতি নির্মাণে অভিযাত্রা
মাহমুদ দিদার
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পিএম
রাষ্ট্রের শক্তি শুধু অস্ত্রে নয়, প্রজ্ঞাতেও। পুলিশের সক্ষমতাও শুধু গ্রেফতারে নয়, সত্য উদঘাটনেও। অপরাধী শনাক্ত করাই শেষ কথা নয়। নিরপরাধকে সুরক্ষা দেওয়াও পুলিশের দায়িত্ব। সময়ের সঙ্গে অপরাধ বদলায়। বদলায় তার চরিত্র, ভূগোল ও কৌশল।
অপরাধ এখন শুধু রাস্তায় ঘটে না। ঘটে ডিজিটাল পরিসরে। তৈরি হয় পর্দার আড়ালে। ছড়িয়ে পড়ে মুহূর্তে। কখনো একটি পোস্ট, একটি ভিডিও কিংবা একটি বার্তা হাজারও মানুষকে উত্তেজিত করে তোলে। এই বাস্তবতায় পুরোনো পুলিশিং যথেষ্ট নয়। প্রয়োজন নতুন সক্ষমতা। নতুন চিন্তা। নতুন প্রাতিষ্ঠানিক সংস্কৃতি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাম্প্রতিক উদ্যোগে সেই পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। তিনি শুধু আধুনিক পুলিশ বাহিনীর কথা বলছেন না। কাঠামো নির্মাণেও হাত দিয়েছেন। গত পহেলা অক্টোবর বাংলাদেশ পুলিশে বিশেষায়িত সাইবার পুলিশ ইউনিটের কার্যক্রম উদ্বোধন হয়েছে। ১৪ অক্টোবর চট্টগ্রামে উদ্বোধন করেছেন সিআইডির সাইবার পুলিশ সেন্টার ও ডিজিটাল ফরেনসিক ল্যাবরেটরি। দেশের আটটি বিভাগীয় শহরে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপনের পরিকল্পনাও জানিয়েছেন।
এগুলো নিছক প্রযুক্তি সংযোজন নয়। এর মধ্যে আছে পুলিশি দর্শনের পরিবর্তনের সম্ভাবনা। আছে তদন্তের পুরোনো অভ্যাস থেকে বেরিয়ে আসার চেষ্টা। আছে অনুমানের বদলে প্রমাণের ওপর নির্ভর করার আকাঙ্ক্ষা। এখানেই স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্যোগের তাৎপর্য।
প্রযুক্তি মানে শুধু নজরদারি নয়। প্রযুক্তি মানে সত্য যাচাইয়ের সক্ষমতা। কোন ভিডিও আসল? কোনটি সম্পাদিত? কোন তথ্য নির্ভরযোগ্য? কে অপরাধে যুক্ত? কে কেবল সন্দেহের শিকার? এসব প্রশ্নের উত্তর আবেগ দিয়ে মেলে না। লাগে বৈজ্ঞানিক বিশ্লেষণ। লাগে ডিজিটাল ফরেনসিক। লাগে নির্ভরযোগ্য আলামত।
প্রমাণনির্ভর তদন্তের সৌন্দর্য এখানেই। এটি অপরাধীকে শনাক্ত করে। একই সঙ্গে নিরপরাধকে রক্ষা করে। পুলিশের দক্ষতা বাড়ায়। নাগরিকের অধিকারও সুরক্ষিত রাখে। আধুনিক পুলিশিংয়ের ভিত্তি হওয়া উচিত এই দর্শন। সেই ভিত্তি রচনা করার দিকে নিমগ্নচিত্তে এগিয়ে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।
আমাদের সময়ের আরেকটি বড় বাস্তবতা সামাজিক যোগাযোগমাধ্যম। ফেসবুক এখন শুধু যোগাযোগের জায়গা নয়। এটি জনমত তৈরির ক্ষেত্র। রাজনৈতিক উত্তেজনার ক্ষেত্র। কখনো অপরাধের পরিকল্পনার ক্ষেত্রও। একটি পোস্ট মুহূর্তে ক্ষোভ ছড়াতে পারে। একটি ভিডিও তৈরি করতে পারে জনমতের ঝড়। কিন্তু যা ভাইরাল, তা-ই সত্য নয়। যা দৃশ্যমান, তা-ই বাস্তবতার পূর্ণাঙ্গ ছবি নয়।
অ্যালগরিদম মানুষের মনোযোগ চায়। রাষ্ট্রের দায়িত্ব সত্য খুঁজে বের করা। এই দুইয়ের লক্ষ্য এক নয়। সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিটি উত্তেজনাকে রাষ্ট্রীয় প্রতিক্রিয়ার নির্দেশনা মনে করা বিপজ্জনক। আবার এই পরিসরকে উপেক্ষা করাও বুদ্ধিমানের কাজ নয়। বরং তথ্য যাচাই করতে হবে। ডিজিটাল আলামত সংরক্ষণ করতে হবে। গুজবের উৎস শনাক্ত করতে হবে। পরিকল্পিত উসকানির প্রমাণ পেলে আইন প্রয়োগ করতে হবে। কিন্তু অনলাইন উত্তেজনাকে সরাসরি মাঠের বলপ্রয়োগে রূপ দেওয়া যাবে না। রাষ্ট্রের কাজ অ্যালগরিদমের সঙ্গে প্রতিযোগিতা করা নয়। রাষ্ট্রের কাজ সত্য নির্ণয় করা।
এই জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রযুক্তিনির্ভর উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ। সাইবার পুলিশ ইউনিট ও ডিজিটাল ফরেনসিক ল্যাব কার্যকর হলে পুলিশ শুধু প্রতিক্রিয়া দেখাবে না। অনুসন্ধান করবে। কোনটি অপরাধ, কোনটি রাজনৈতিক বক্তব্য, কোনটি নাগরিকের প্রতিবাদ, আর কোনটি সহিংসতার পরিকল্পনা— তা আলাদা করতে পারবে। রাষ্ট্রীয় সিদ্ধান্ত হবে আরও সংযত। আরও নির্ভুল। আরও আইনসম্মত।
এটাই আধুনিক পুলিশিং। ইতিহাসও আমাদের সতর্ক করে। রাষ্ট্র যখন তাৎক্ষণিক ক্ষোভকে নীতিতে পরিণত করে, সংকট বাড়ে। অতিরিক্ত বলপ্রয়োগ আস্থা ফেরায় না। বরং ক্ষোভকে দীর্ঘস্থায়ী করে। ২০১১ সালের মিসর, ২০১৯ সালের চিলি, ১৯৭০ সালের কেন্ট স্টেট হত্যাকাণ্ড। ভিন্ন প্রেক্ষাপটের এসব ঘটনা একই প্রশ্ন সামনে আনে। রাষ্ট্র কতটা শক্তিশালী, সেটিই শেষ কথা নয়। রাষ্ট্র তার শক্তি কতটা সংযতভাবে ব্যবহার করতে পারে, সেটিও গুরুত্বপূর্ণ।
শক্তি প্রয়োগের সিদ্ধান্ত হতে হবে প্রয়োজনীয়তার ভিত্তিতে। হতে হবে আনুপাতিক। থাকতে হবে জবাবদিহি। কারণ রাষ্ট্রের শক্তি তার সংযমেও প্রকাশ পায়। বাংলাদেশের অভিজ্ঞতা আরও কঠিন। দীর্ঘদিনের রাজনৈতিক সংঘাত, দমন-পীড়নের অভিযোগ। বিচারবহির্ভূত হত্যার অভিযোগ। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থার সংকট। এসব অভিজ্ঞতা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেছে। ২০২৪ সালের জুলাই-আগস্ট সেই সংকটকে আরও নির্মমভাবে সামনে এনেছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের প্রতিবেদনে ওই সময়ের সহিংসতায় সর্বোচ্চ প্রায় ১,৪০০ মানুষের মৃত্যুর অনুমান উঠে এসেছে।
এই বাস্তবতায় পুলিশ সংস্কার কেবল প্রশাসনিক কাজ নয়। এটি রাষ্ট্রের সঙ্গে নাগরিকের সম্পর্ক পুনর্নির্মাণের প্রশ্ন। এখানে আন্তোনিও গ্রামশির কথা মনে পড়ে। তার প্রিজনার্স নোটবুক রাষ্ট্রক্ষমতা, আধিপত্য ও সম্মতির সম্পর্ক বুঝতে গুরুত্বপূর্ণ। গ্রামশির চিন্তার একটি মৌলিক পাঠ হলো, রাষ্ট্র শুধু বলপ্রয়োগে টিকে থাকে না। মানুষের সম্মতিও তার ক্ষমতার ভিত্তি।
পুলিশ রাষ্ট্রের দৃশ্যমান শক্তি। নাগরিক অনেক সময় পুলিশের আচরণ দিয়েই রাষ্ট্রকে বিচার করেন। পুলিশ যদি আস্থার জায়গা হারায়, রাষ্ট্রের আইন প্রয়োগের বৈধতাও দুর্বল হয়। তাই শুধু অস্ত্র বাড়িয়ে লাভ নেই। বাড়াতে হবে পেশাদারিত্ব। বাড়াতে হবে নিরপেক্ষতা। তৈরি করতে হবে আস্থার সংস্কৃতি।
এই আস্থা কোনো বিজ্ঞাপনে তৈরি হয় না। তৈরি হয় আচরণে, তদন্তে, ন্যায়বিচারে, জবাবদিহিতে। রাজনৈতিক পরিচয় দেখে নয়, অপরাধের প্রমাণ দেখে ব্যবস্থা নিতে হবে। শান্তিপূর্ণ প্রতিবাদকারী ও সহিংসতাকারীকে এক কাতারে ফেলা যাবে না। আইনের প্রয়োগে পরিচয়ের প্রভাব থাকা চলবে না। নাগরিককে বিশ্বাস করতে হবে, পুলিশের কাছে তার রাজনৈতিক পরিচয় নয়, তার অধিকার গুরুত্বপূর্ণ।
এটাই আস্থাভিত্তিক পুলিশিং। তবে প্রযুক্তির ব্যবহারেও সতর্কতা জরুরি। মিশেল ফুকোর ডিসিপ্লিন অ্যান্ড পানিশ্মেন্ট আমাদের ক্ষমতার আরেকটি দিক দেখায়। আধুনিক ক্ষমতা শুধু অস্ত্রে কাজ করে না। কাজ করে তথ্য, নিয়ম, নজরদারি ও প্রতিষ্ঠানের মধ্য দিয়েও।
প্রযুক্তি তাই সম্ভাবনা, আবার ঝুঁকিও। ডিজিটাল ফরেনসিক অপরাধ তদন্তে সহায়তা করবে। কিন্তু অনিয়ন্ত্রিত নজরদারি নাগরিকের ব্যক্তিস্বাধীনতা বিপন্ন করতে পারে। তথ্য সংগ্রহের পাশাপাশি তথ্যের অপব্যবহার ঠেকাতে হবে। নজরদারি থাকতে হবে আইনের অধীনে। প্রযুক্তি হবে রাষ্ট্রের সক্ষমতা। নাগরিকের ওপর অনিয়ন্ত্রিত ক্ষমতার উৎস নয়।
স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এখন বড় কাজ। প্রাথমিক উদ্যোগকে পূর্ণাঙ্গ সংস্কারে রূপ দেওয়া। থানার তদন্ত থেকে আদালতে অভিযোগপত্র দাখিল পর্যন্ত প্রতিটি পর্যায়ে প্রমাণের মান নিশ্চিত করা। তদন্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া। ডিজিটাল আলামত সংগ্রহ ও সংরক্ষণের নিয়ম তৈরি করা। বডি-ওর্ন ক্যামেরা, সিসিটিভি ও ফরেনসিক প্রতিবেদনকে জবাবদিহির অংশ করা।
শুধু প্রযুক্তি কিনলেই হবে না। দক্ষ জনবল লাগবে। নিয়মিত ব্যবহার লাগবে। রক্ষণাবেক্ষণ লাগবে। স্বাধীন তদারকি লাগবে। প্রযুক্তি স্থাপন সংস্কার নয়। প্রযুক্তির সঠিক ব্যবহারই সংস্কার।
মাঠপর্যায়ের পুলিশকেও নতুন করে ভাবতে হবে। বিক্ষোভ মানেই শত্রুতা নয়। সমাবেশ মানেই হুমকি নয়। আবার প্রতিবাদের নামে ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা মানুষের জীবন বিপন্ন করাও গ্রহণযোগ্য নয়।
পুলিশের দায়িত্ব দুই দিকেই। শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রক্ষা করা। অপরাধ ও সহিংসতার বিরুদ্ধে আইন প্রয়োগ করা। এজন্য সংঘাত প্রশমনের প্রশিক্ষণ জরুরি। পরিস্থিতি মূল্যায়নের দক্ষতা জরুরি। আনুপাতিক শক্তি প্রয়োগের নীতি জরুরি। কখন শক্তি প্রয়োগ করতে হবে, তা জানা যেমন প্রয়োজন, কখন শক্তি প্রয়োগ না করাই শ্রেয়, সেই প্রজ্ঞাও প্রয়োজন।
গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাগুলো এই নতুন পুলিশ সংস্কৃতির পরীক্ষা। সেখানে অবরোধ হয়েছে। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ হয়েছে। সংঘর্ষ ও ভাঙচুর হয়েছে। পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। এসব অপরাধের বিচার জরুরি। পুলিশ সদস্যদের নিরাপত্তাও রাষ্ট্রের দায়িত্ব।
কিন্তু আইন প্রয়োগেরও আইন আছে। প্রতিটি পদক্ষেপ হতে হবে পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অপরাধের প্রমাণ সংগ্রহ করতে হবে। দায় নির্ধারণ করতে হবে নির্দিষ্ট ব্যক্তির। কোনো এলাকার মানুষ কিংবা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নির্বিচার ব্যবস্থা নেওয়া যাবে না।
পুলিশের ওপর হামলার বিচার যেমন জরুরি, পুলিশের পদক্ষেপের আইনসম্মত পর্যালোচনাও তেমন জরুরি। আইন নাগরিককে যেমন নিয়ন্ত্রণ করে, রাষ্ট্রীয় ক্ষমতাকেও তেমনি সীমাবদ্ধ করে। এই ভারসাম্যই আইনের শাসন।
এখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে সময় দেওয়ার প্রশ্নটি গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক সংস্কৃতি একদিনে বদলায় না। প্রায় ১৭ বছরের রাজনৈতিক ও প্রশাসনিক বাস্তবতায় পুলিশের ভেতরে নানা অভ্যাস তৈরি হয়েছে। তৈরি হয়েছে ক্ষমতার সম্পর্ক। তৈরি হয়েছে সিদ্ধান্ত গ্রহণের বিশেষ প্রবণতা। এসব রাতারাতি পাল্টানো সম্ভব নয়।
নির্দেশনা দিয়ে পেশাদারিত্ব তৈরি হয় না। লাগে প্রশিক্ষণ। লাগে নেতৃত্ব। লাগে জবাবদিহি। লাগে প্রাতিষ্ঠানিক সংস্কার। একটি নতুন পুলিশ বাহিনী গড়ে তোলা দীর্ঘমেয়াদি কাজ। এর ফল দেখতে সময় দিতে হবে।
তবে সময় দেওয়ার অর্থ সমালোচনা বন্ধ করা নয়। স্বরাষ্ট্রমন্ত্রী সমালোচনার ঊর্ধ্বে নন। তার সিদ্ধান্তের প্রশ্ন উঠবে। উদ্যোগের ফলাফল পর্যালোচনা হবে। ব্যর্থতা চিহ্নিত হবে। ভুল হলে সংশোধনের দাবি উঠবে। এটাই গণতন্ত্র।
কিন্তু প্রতিটি ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত আক্রমণ, বিদ্রূপ কিংবা আগাম ব্যর্থতার রায় কোনো গঠনমূলক সংস্কৃতি নয়। সমালোচনা হোক। তথ্যের ভিত্তিতে হোক। যুক্তির ভিত্তিতে হোক। বিকল্পও থাকুক। প্রযুক্তি স্থাপন করলেই তদন্তের মান বাড়বে না। সাইবার ইউনিট গঠন করলেই অনলাইন অপরাধ বন্ধ হবে না। সংস্কারের ঘোষণা দিলেই পুরোনো অভ্যাস বিলুপ্ত হবে না। এসব উদ্যোগের ফলাফল পর্যবেক্ষণ করতে হবে। গণমাধ্যমকে নজর রাখতে হবে। নাগরিক সমাজকে প্রশ্ন করতে হবে।
এখানে একটা বিষয় গুরত্বপুর্ণ উপেক্ষা করার সুযোগ নেই; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভালো উদ্যোগের স্বীকৃতিও জরুরি। ইতিবাচক পরিবর্তনকে উৎসাহ দেওয়া ক্ষমতার কাছে আত্মসমর্পণ নয় বরং পরিবর্তনের পক্ষে দায়িত্বশীল অবস্থান। আমাদের প্রত্যাশা খুব স্পষ্ট। পুলিশ হবে প্রযুক্তিতে দক্ষ। আচরণে মানবিক। দায়িত্বে নিরপেক্ষ। আইনের কাছে জবাবদিহিমূলক। অপরাধী রাজনৈতিক পরিচয়ে সুরক্ষা পাবে না। নিরপরাধ মানুষও পরিচয়ের কারণে হয়রানির শিকার হবে না। পুলিশকে দেখে অপরাধী সতর্ক হবে। সাধারণ নাগরিক আতঙ্কিত হবেন না।
নতুন বাংলাদেশ শুধু নতুন স্লোগানে তৈরি হবে না। তৈরি হবে নতুন প্রতিষ্ঠান দিয়ে। নতুন প্রাতিষ্ঠানিক আচরণ দিয়ে। ক্ষমতার সংস্কৃতি বদলানোর মধ্য দিয়ে।
নতুন পুলিশ সংস্কৃতি গোটা রাষ্ট্রের সাফল্য। নাগরিকের নিরাপত্তার সাফল্য। গণতন্ত্রের পরিপক্বতার সাফল্য। রাষ্ট্রের শ্রেষ্ঠত্ব কতটা শক্তি প্রয়োগ করতে পারে, তাতে নয়। কতটা সংযম দেখাতে পারে, তাতে। ভয় দেখিয়ে আনুগত্য আদায় করা যায়। আস্থা অর্জন করা যায় না। ক্ষমতা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়। ন্যায়বিচার প্রতিষ্ঠা করা যায় না। তার জন্য প্রজ্ঞা লাগে। সেই প্রজ্ঞার স্বাক্ষর বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা যাচ্ছে।
লেখক: চলচ্চিত্র নির্মাতা, ভিজ্যুয়াল স্ট্রাটেজিস্ট