দুধ দিয়ে গোসল করলেই কি মন থেকে প্রিয় দলের ছবি মুছে ফেলা যায় ?
আহাদুল ইসলাম
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৯:৩৬ পিএম
১০ জুন, ২০২৬। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতে দীর্ঘদিনের ব্রাজিল সমর্থক মো. মিন্টু মিয়া মনে করলেন, তার জীবদ্দশায় ব্রাজিলকে শিরোপা উঁচিয়ে দেখতে পারছেন না কিংবা পারবেন কি না; এমন সংশয়ে থাকা যায় না। তাই, তিনি শরণাপন্ন হলেন একটি তরল পদার্থের কাছে। তার মনে হয়েছে, 'দুধ' একটি পবিত্র পানীয়। এটি দিয়ে গোসল করে ব্রাজিলের সাথে আত্মার সম্পর্ক চিরতরে ছিন্ন করে অন্য একটি দলের ভক্ত হওয়া-ই শ্রেয়। যেমন চিন্তা, তেমনই কাজ। ঢাক-ঢোল পিটিয়ে আনুষ্ঠানিকভাবে 'দুধ' দিয়ে গোসল করে যোগ দিলেন সৌদি আরবের সমর্থকদের সাথে।
গত মঙ্গলবার (৯ জুন) বিকেলে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খড়মপুরে, হজরত শাহ পীর সৈয়দ আহম্মদ গেছুদারাছ কেল্লা শাহ (রহ.) মাজার প্রাঙ্গণ এলাকায় প্রকাশ্যে তিনি একটি 'সেভেনআপে'র বোতলে দুধ ভরে সেই দুধ দিয়ে গোসল করেন। এ সময় নিজেকে পবিত্র ঘোষণা করে তিনি ব্রাজিলের সমর্থন থেকে সরে আসার কথা জানান।
'সেভেনআপ' একটি মেটাফোর। সেই, ২০১৪ সালের সেমিফাইনাল। জার্মানি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নকে ৭ গোলে দিয়ে ফাইনালে যায় এবং চতুর্থবারের মতো শিরোপা জিতে নেয়। এরপর থেকেই চিরশত্রু আর্জেন্টিনা, ব্রাজিল সমর্থকদের ট্যাগ দেয় 'সেভেনআপ'।
তবে, প্রিয় দলের সমর্থনে চলে না লজিক, চলে না সাইন্স, চলে না স্ট্যাটিস্টিকস-ডেটা। চলে শুরু একটাই। আবেগ। ভালবাসা। আর বেশুমার 'পাগলামি'।
প্রিয় দলের যখন বিপদ, কিংবা খারাপ সময়। তখন কি শত্রুপক্ষের শিরোপা জয়ের সফলতা দেখে, প্রিয় দলকেই ছেড়ে চলে যাবো? না। যদি এমন হতো, তাহলে ক্লাব ফুটবলে আর্সেনালের সমর্থকরা ২২ বছর অপেক্ষা করতো না। তারা ভাবতো, দুধ দিয়ে গোসল করে লিভারপুল কিংবা ম্যান সিটিতে চলে যাই। অ্যাটলিস্ট—শিরোপার স্বাদতো দ্রুত চেখে দেখতে পারবে। কিন্তু গানার ফ্যানরা ধৈর্য ধরেছে। প্রিয় দলের খারাপ-ভালো সময়ে সুখ-দুঃখে সাথে থেকেছে।
এখন, কিছু ফ্যান এই তত্ত্ব নাকচ করে দেবে এই বলে যে, আরে! ক্লাব ফুটবল আর বিশ্বকাপে দলের সমর্থন এক নয়। কথা সত্যি। কিন্তু কমন নাউন ফুটবল আর প্রিয় দলের সমর্থন। ক্লাব হারলে বাসা থেকে অন্তত বের হওয়া যাবে। কিন্তু বিশ্বকাপে পছন্দের দল হারলে, অফিসে মুখ দেখাতে পারবো না, এলাকায় মুখ দেখানো যাবে না। এক কথায়, জীবন অতিষ্ঠ করে দেবে শত্রুপক্ষ।
কিন্তু '৮৬'র পর আর্জেন্টিনা কতো বছর অপেক্ষা করেছে? থার্টি সিক্স ইয়ারস সিন্স 'ম্যারাডোনা অ্যান্ড মেক্সিকো '। তবে, তারপরও প্রিয় দলের সমর্থন থেকে পিছু হটেনি। ব্রাজিলের সমর্থকদের খোঁচা যেমন: কি! তোমাদের দলে না 'ফুটবল গড' মেসি আছে। তাহলে '১৪ বিশ্বকাপ কেনো পায়নি। মেসি শুধু ক্লাবেই ভালো খেলতে পারে। আর্জেন্টিনার জার্সি পরলেই ঠুস!
তবে, সব শব্দবাণ উপেক্ষা করে, কাতার বিশ্বকাপ জিতে নেয় মেসি ও তার দল।
তাই, দুধ দিয়ে গোসল করে যেই সমর্থক অন্য দলে পাড়ি জমালেন, ভেতর থেকে কি প্রিয় দলকে সাপোর্ট করা থেকে নিজেকে আঁটকে রাখতে পারবেন। প্রিয় দল জিতলে, বাসার নীচে যখন বিজয় মিছিল হবে, তখন শরীরকে আঁটকে রাখলেও, মন থেকে কি নিজেকে আঁটকে রাখতে পারবেন, প্রিয় দলের সমর্থন থেকে নিজেকে বিরত রাখতে?
/এআই