বেনজীর আহমেদ, র্যাব'র ডিজিসহ ৭ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১, ১২:৩৬ এএম
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবসে এই নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ।
নিষেধাজ্ঞার আওতায় আসা কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদও রয়েছেন। র্যাবের সাবেক মহাপরিচালক হিসেবে নিষেধাজ্ঞার আওতায় এসেছেন তিনি। তার ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশেও নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির পররাষ্ট্র দফতর।
অন্য কর্মকর্তারা হলেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) তোফায়েল মুস্তাফা সারওয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মো. জাহাঙ্গীর আলম ও সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মো. আনোয়ার লতিফ খান। এছাড়াও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর আলাদাভাবে বিভিন্ন দেশের ১২ কর্মকর্তার নাম ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করেছে। সে তালিকায় নাম আছে কক্সবাজারে র্যাব-৭ এর সাবেক অধিনায়ক মিফতা উদ্দিন আহমেদ।

আরও পড়ুন: অযৌক্তিক কারণে নিষেধাজ্ঞা, আমাদের পুলিশ বিচার বহির্ভূত হত্যা করে না: স্বরাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দফতর সরকারের নির্বাহী আদেশ ১৩৮১৮–এর আওতায় এ নিষেধাজ্ঞা দিয়েছে। এ আদেশে মানবাধিকার লঙ্ঘন বা দুর্নীতিতে সম্পৃক্ত ব্যক্তির সম্পদ বাজেয়াপ্তের কথা বলা হয়েছে।